দিরাই প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০১৫ ০১:১১

দিরাইয়ে সুরঞ্জিত-নাছিরের মর্যাদার লড়াই

সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের প্রার্থী মোশারফ মিয়া আর বিএনপির প্রার্থী মঈনুদ্দিন চৌধুরী মাসুক। তবে এ হাওরবেস্টিত এই পৌরসভায় যতোটা এই দুই প্রার্থীর লড়াই তারচেয়ে কোনো অংশে কম নয় সুরঞ্জিত-নাছিরের মর্যাদার লড়াই। ভাটির এই দুই শীর্ষ নেতার ইমেজের লড়াইও এবারের পৌর নির্বাচন।

দিরাই-শাল্লা উপজেলার যেকোনো নির্বাচন মানেই ভিন্ন আমেজ। দিরাই-শাল্লার বিগত ৩৬ বছরের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ওই এলাকার রাজনীতি আবর্তিত হয় ভাটি অঞ্চলের রাজনীতির দুই দিকপাল আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরীকে কেন্দ্র করে।

এবারের পৌরসভা নির্বাচনেও জমজমাট লড়াই হবে সুরঞ্জিত ও নাছির সমর্থকদের মাঝে এমনটাই জানিয়েছেন এলাকাবাসী ও সাধারণ ভোটাররা।

দলীয় সূত্র জানায়, এবারের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোশারফ মিয়াকে নির্বাচিত করে আনতে সুরঞ্জিত সেনগুপ্তের নির্দেশে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্র হয়েছেন। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী মঈনুদ্দিন চৌধুরী মাসুকের বিজয় নিশ্চিত করতে নাছির উদ্দিন চৌধুরীর নির্দেশে কাজ করছেন বিএনপি’র নেতা-কর্মীরা।

দিরাই পৌরসভা নির্বাচন নিয়ে সাধারণ ভোটার ও এলাকাবাসীর সঙ্গে কথা বললে তারা এ নির্বাচনকে সুরঞ্জিত-নাছিরের মর্যাদার লড়াই হিসেবেই দেখছেন বলে মন্তব্য করেন।

স্থানীয় শিক্ষাবিদ শৈলেন্দ্র চন্দ্র দাস বলেন, ‘দিরাই-শাল্লার রাজনীতিতে দলীয় কোনো প্রভাব নেই, এখানের রাজনীতি সুরঞ্জিত সেনগুপ্ত ও নাছির উদ্দিন চৌধুরীকে কেন্দ্র করে। যার প্রমাণ সুরঞ্জিত সেনগুপ্ত বিভিন্ন ছোট দলের প্রার্থী হয়ে বার বার এমপি নির্বাচিত হলেও, ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে পরাজিত হন। অপরদিকে নাছির উদ্দিন চৌধুরী জাতীয় পার্টি থেকে এমপি হলেও ২০০১ সালে বিএনপি’র প্রার্থী হয়ে পরাজিত হন। এছাড়া দিরাই শাল্লা উপজেলা পরিষদ ও পৌরসভার গত সবকটি নির্বাচনে ভোটের লড়াই হয়েছে সুরঞ্জিত সেনগুপ্ত ও নাছির উদ্দিন চৌধুরী সমর্থিত প্রার্থীদের মাঝে। এবারের পৌরসভা নির্বাচনে চারজন প্রার্থী হলেও আসলে ভোটের লড়াই হবে সুরঞ্জিত সেনগুপ্ত ও নাছির উদ্দিন চৌধুরী সমর্থিত মোশারফ ও মাসুকের মাঝে।’

এদিকে, সুরঞ্জিত তথা আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন মেয়রপ্রার্থী মোশারফ মিয়া। তিনি জোরেসোরে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে পিছিয়ে নেই বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মঈনুদ্দিন চৌধুরী মাসুক। তিনিও ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। মেয়রপ্রার্থী মোশারফ মিয়া ও মঈনুদ্দিন চৌধুরী মাসুক উভয়েই জয়ের ব্যাপারে আশাবাদী।

এছাড়াও এবারের দিরাই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপি ছাড়াও জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সর্দার ও জাসদের উপজেলা কমিটির সদস্য মোজাম্মেল হক মেয়র পদে লড়ছেন। তারা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সব মিলিয়ে দিরাই পৌর এলাকায় বিরাজ করছে নির্বাচনী আমেজ।

আপনার মন্তব্য

আলোচিত