নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০১৫ ১৯:২০

তিন পৌরসভায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়

নির্বাচনকে শান্তিপূর্ণ করতে সিলেটের তিন পৌরসভায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়।

বুধবার সিলেটের গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাট পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই তিন পৌরসভারই ২৭ টি ভোট কেন্দ্রের মধ্যে ২৫ টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে অভিহিত করা হয়েছে। ফলে তিন স্থানেই নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার থেকেই কানাইঘাট, জকিগঞ্জ ও গোলাপগঞ্জে মোতায়েন করা হয়েছে বিজিবি। এছাড়াও থাকছে র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেটের তিন পৌরসভায় ৬ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র‌্যাব, ৯ শতাধিক পুলিশ ও ৩ শতাধিক আনসার সদস্য মোতায়েন থাকবে। একইসাথে ৩ জন বিচারিক হাকিম ও ১৮ জন নির্বাহী হাকিম তিন পৌরসভায় দায়িত্ব পালন করবেন।

সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেন, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সিলেটের তিন পৌরসভার প্রতিটিতে ২ প্লাটুন করে বিজিবি, এক প্লাটুন করে র‌্যাব দায়িত্ব পালন করবে। এছাড়া বিজিবি’র অতিরিক্ত একটি প্লাটুন প্রস্তুত থাকবে।

তিনি বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশের একটি মোবাইল টিম দায়িত্ব পালন করবে। এছাড়া প্রতিটি পৌরসভায় একজন করে অতিরিক্ত জেলা প্রশাসক অবস্থান করবেন।

আপনার মন্তব্য

আলোচিত