০৮ মার্চ, ২০২৩ ২৩:০৫
সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন এলাকা থেকে উদ্ধার এক অজ্ঞাতনামা লাশের পরিচয় জানতে চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সিলেট মহানগর পুলিশ।
বুধবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই লাশের তথ্য জানতে চাওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অদ্য ৮ মার্চ দুপুর অনুমান ১টার দিকে দক্ষিণ সুরমার মেসার্স হাজী শেখ হরমুজ আলী ফিলিং স্টেশনের পিছনে একটি ঝোঁপঝাড় বেষ্টিত পুকুরে অজ্ঞাতনামা পুরুষের লাশ উপুড় অবস্থায় ভাসমান দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ওই এলাকায় নিয়োজিত সিয়েরা-৪১ এর সঙ্গীয় অফিসার ও ফোর্স এবং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেসার্স হাজী শেখ হরমুজ আলী ফিলিং স্টেশনের পিছনে ঝোপঝাড় বেষ্টিত পুকুরের পানিতে একটি অজ্ঞাতনামা পুরুষের লাশ উপুড় হয়ে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। তখন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হলে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এবং সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরবর্তীতে সিয়েরা-৪১ ডিউটিতে নিয়োজিত এসআই(নি.)/ সুমন চক্রবর্তী উক্ত অজ্ঞাতনামা পুরুষ (বয়স অনুমান ৫০) লাশটি উদ্ধারকরত মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
মৃতদেহের অনুমান উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হবে। মৃতদেহের সমস্ত শরীর অর্ধগলিত এবং শরীরের অধিকাংশ পচনশীল অবস্থায় চামড়া উঠানো। প্রাথমিকভাবে বাহ্যিক দৃষ্টিতে মৃতদেহে কোন আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি।
লাশের পরিচয় সনাক্ত করণের জন্য পিবিআই, সিলেট জেলা টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতের আঙুলের ছাপ নেওয়ার চেষ্টা করেন কিন্তু মৃতের হাতের আঙুল পচে যাওয়ায় ছাপ সংগ্রহ করা সম্ভব হয়নি।
স্থানীয়ভাবে বিভিন্ন মাধ্যমে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করণের চেষ্টা অব্যাহত আছে। লাশের ময়না তদন্তের জন্য বিধিমোতাবেক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
অজ্ঞাত পুরুষের পরিচয়ের জন্য দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেটে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পুলিশ। অফিসার ইনচার্জ, মোবাইল নং-০১৩২০-০৬৭৬৮৮ এবং ডিউটি অফিসার মোবাইল নং-০১৩২০-০৬৭৬৯৩।
আপনার মন্তব্য