নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২৩ ১২:৪৭

সরকার দেশকে পুরোপুরি বিভক্ত করে ফেলেছে: সিলেটে ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের অপকীর্তি বলে শেষ করা যাবে না। তাদের একটাও ভালো কাজ নেই, তারা এই দেশের সমাজকে পুরোপুরি বিভক্ত করে ফেলেছে এবং একটা দূষিত সমাজে পরিণত করেছে।  

তিনি বলেন, ১৯৭২ সালে এদেশের মানুষ যে সংবিধান রচনা করেছিলেন সেটাকে বারবার কাটাছেঁড়া করে অকার্যকর একটা সংবিধান করেছে।  বাহাত্তরের সংবিধানের মূল ভিত্তি নষ্ট করে দেয়। তারা যখনই সুযোগ পেয়েছে সংবিধানকে ধ্বংস করেছে।

শুক্রবার দুপুরে সিলেট মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আওয়ামী নিজেদের স্বার্থে দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে, সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করেছে, শিক্ষাব্যবস্থা ধ্বংস করে ফেলেছে।

মির্জা ফখরুল বলেন, দেশে আজ ভয়াবহ নির্যাতন নিপীড়ন চলছে। আমাদের আন্দোলন শুরু হয়েছে। গত আগস্ট থেকে ১৭ জন নেতাকর্মী প্রাণ দিয়েছেন। জীবিত সকল নেতাকর্মী মামলার আসামি।

সিলেট মহানগর বিএনপির আহবায়ক আবদুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল আরো বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির হয়েছে। বিদ্যুৎ সেক্টরে লুট হচ্ছে। আদানির সাথে চুক্তিতে দেড়লক্ষ কোটি টাকা লোকসান হবে। চুক্তির ফলে বিদ্যুতের দাম দ্বিগুণ হবে।

তিনি বলেন, ৭০ টাকা মোটা চাল, মিহি চাল ১৭০ টাকা, ডিমের চাম ৩/৪ গুন বেড়েছে। জনগনের নাভিশ্বাস উঠেছে। অথচ সরকার মুখে বাগাড়ম্বর করছে। তারা নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে দিয়েছে।


সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম এ জাহিদ, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, এনামুল হক চৌধুরী, সিসিক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে অধিবেশনে সিলেট মহানগরের ২৭টি ওয়ার্ডের ১ হাজার ৯১৭ জন কাউন্সিলর সরাসরি ভোটের মাধ্যমে মহানগর বিএনপির নেতৃত্ব নির্বাচন করবেন। মহানগরের নেতৃত্বে আসতে সম্মেলনে তিন পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বর্তমান আহ্বায়ক কমিটির দুই যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম ও এমদাদ হোসেন চৌধুরী।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সাফেক মাহবুব, সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাহেদ, মহানগর বিএনপির সাবেক সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ২১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ।

আপনার মন্তব্য

আলোচিত