সিলেটটুডে ডেস্ক

২৭ মার্চ, ২০২৩ ০২:৩২

স্বাধীনতা দিবসে বাসদ সিলেট জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ২৬ মার্চ রোববার রাতের প্রথম প্রহরে আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

র‌্যালি-পূর্ব দলীয় কার্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, মামুন বেপারি, শহীদ আহমদ, জাহেদ আহমদ, আনোয়ার আলী, এরশাদ মিয়া, আনোয়ার হোসেন কুটি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজ যখন আমরা স্বাধীনতা দিবস পালন করছি তখন মুক্তিযুদ্ধের ঘোষণা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার থেকে দেশ আজ যোজন যোজন দূরে। শ্রমিক ন্যায্য অধিকার পায় না, কৃষক ফসলের লাভজনক দাম থেকে বঞ্চিত, শিক্ষা-চিকিৎসা ভঙুর দশা, নারী-শিশু নির্যাতন বেড়েই চলছে। নির্বাচনকে নির্বাসনে পাঠানো হয়েছে। সাম্প্রদায়িক অপশক্তিকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজ হারিয়ে যেতে বসেছে। এর মূল কারণ শোষণমূলক পুঁজিবাদী শাসন ব্যবস্থা। এ অবস্থা থেকে মুক্তির জন্য শোষণমূলক রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদ করে শোষণমুক্ত সাম্য সমাজ প্রতিষ্ঠা তথা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় লক্ষ্যে শ্রমজীবী মেহনতি জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম প্রয়োজন।

আপনার মন্তব্য

আলোচিত