০১ এপ্রিল, ২০২৩ ২১:৫৫
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের একটি মাটির রাস্তার কাছে অনিয়মের অভিযোগ ওঠেছে প্রকল্প কমিটির সভাপতির বিরুদ্ধে। ওই রাস্তার মাটির কাজ যথাযথভাবে সম্পন্ন না করে তিনি অগ্রিম বিল উত্তোলন করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
রাস্তাটি বর্ণি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। ওই এলাকার বাসিন্দা শাহিন আহমদ ও বর্ণি ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সম্প্রতি এ বিষয়ে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের অনুলিপি বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর দেওয়া হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, বর্ণি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৎপুর গ্রামের শাহীন আহমদের বাড়ি হতে মোক্তার আলীর বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাটের জন্য কাবিটা কর্মসূচির আওতায় ১ লাখ টাকা বরাদ্দ হয়। ওই প্রকল্পের সভাপতির দায়িত্ব পান বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনাম উদ্দিন। তবে প্রকল্প কমিটির সভাপতি ওই রাস্তায় মাটি ভরাটের কাজ সম্পূর্ণ করেননি। মাত্র ৫ থেকে ৬ হাজার টাকার কাজ করে সাইনবোর্ড স্থান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভ দেখা দেয়।
স্থানীয়রা জানিয়েছেন, রাস্তায় যে টাকা বরাদ্দ হয়েছে সে টাকা দিয়ে আরও ভালো কাজ করা যেত। কিন্তু সভাপতি অল্প কিছু টাকার করে সম্পূর্ণ বিল উত্তোলন করেন। তারা সঠিকভাবে মাটি ভরাটের কাজ করার দাবি জানান।
তবে প্রকল্পের সভাপতি ও বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনাম উদ্দিন বলেছেন, ‘রাস্তাটির মাটির কাজ যথাযথভাবেই হয়েছে। কোনো ধরনের অনিয়ম হয়নি। মূলত একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে আমার সম্মান হানি করার লক্ষ্যে এই মিথ্যা অভিযোগ দিয়েছে।’
এদিকে অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার (১ এপ্রিল) বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ, বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান রাস্তার কাজ ঘুরে দেখেন।
বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান বলেন, ‘কাজে কিছুটা ত্রুটি লক্ষ্য করা গেছে। এটা প্রকল্প কমিটির সভাপতিকে ঠিক করে দিতে বলা হয়েছে।’
আপনার মন্তব্য