বিশ্বনাথ প্রতিনিধি

০৫ এপ্রিল, ২০২৩ ০০:৩৪

দেশপ্রেম ছাড়া সঠিক উন্নয়ন সম্ভব নয় : এমপি মোকাব্বির

সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান বলেন, দেশপ্রেম ছাড়া সঠিক উন্নয়ন সম্ভব নয়। কারণ বেশিরভাগ লোকই এখন অসৎ। আর কিছু সংখ্যক অসৎ ব্যবসায়ী ও রাজনীতিবিদরা সিন্ডিকেট গড়ে তুলে দেশকে ধ্বংস করে দিচ্ছেন। ফলে দেশ ও জাতির কাঙ্খিত উন্নয়ন সম্ভব হচ্ছে না।

মঙ্গলবার (৪ এপ্রিল) সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল দুপুর ১২টায় বিশ্বনাথ উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা ও পৌর এলাকার ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ, ২টায় আঙ্গারুকা ব্রীজ পরিদর্শন, বিকেল ৩টায় পৌর শহরের দক্ষিণ মিরেরচরের ‘প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়’ থেকে সরকারি বৃত্তিপ্রাপ্ত দুই শিক্ষার্থী ‘হাসান আহমদ মাহি ও ফারজান আহমদ’র সংবর্ধনা অনুষ্ঠান, ৪টায় ‘পারুয়া-মিরেরচর রাস্তার চেইনেজ ০-২২০৫ মিটার পর্যন্ত’ পাকাকরণ কাজের উদ্বোধন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠিত ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, বিশ্বনাথ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গৌছ আলী, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম মেম্বার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

পারুয়া-মিরেরচর রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধনের সময় এমপি মোকাব্বির খানের সাথে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মছদ্দর আলী, হাজী ইসমাঈল আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু, সংগঠক আব্দুল মতিন, আজাদুর রহমান, আয়না মিয়া, হাবিবুর রহমান। এসময় দোয়া পরিচালনা করেন শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ  মাওলানা ওয়ারিছ উদ্দিন।

আপনার মন্তব্য

আলোচিত