০৩ জানুয়ারি, ২০১৬ ০০:৪০
ছাত্রলীগের দু’গ্রুপের দ্বন্দ্বের জের ধরে শনিবার রাত সাড়ে ৮ টার দিকে সিলেট নগরীর উপকণ্ঠের মেজরটিলার ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যাংক ভাংচুর করা হয়েছে। এসময় এক ছাত্রলীগের এক নেতার গাড়িও ভাংচুর করা হয়।
জানা যায়- শনিবার সন্ধ্যায় বাইপাস এলাকায় ছাত্রলীগ কর্মী তুষারকে মারধর করেন প্রতিপক্ষ গ্রুপের কয়েকজন নেতাকর্মী। এর জের ধরে রাতে মেজরটিলায় হামলা চালায় সিলেট জেলা ছাত্রলীগের রায়হান চৌধুরী অনুসারীরা। এ সময় মেজরটিলা বাজারস্থ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, ইউনিয়ন ব্যাংক ও ওয়ান ব্যাংকের গ্লাস ভাংচুর করে তারা। এছাড়াও ছাত্রলীগ নেতা কাইয়ুম চৌধুরীর প্রাইভেট কারও ভাংচুর করা হয়।
এদিকে আহত তুষারকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ইসলামপুর ইউনিয়ন ব্যাংকের সহকারী ম্যানেজার শিমু জানান, হামলার বিষয়টি ব্যাংকের কেন্দ্রীয় শাখা এবং সিলেটের হেড অফিসে জানানো হয়েছে। কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ভাংচুরের শিকার ফিজা সুপার শপ মেজরটিলা ইসলামপুর শাখার পরিচালক জানান, হামলায় প্রতিষ্ঠানটির ৫ লাক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী বলেন, ইসলামপুরের সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর গ্রুপের নেতাকর্মীরা ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত করে। এ ঘটনার জের ধরেই তুষারের পক্ষে এবং জাহাঙ্গীর গ্রুপের ছাত্রলীগ কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
সিলেট শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, ছাত্রলীগের দু'পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গাড়ি ও একটি ব্যাবসা প্রতিষ্ঠানে ভাংচুর করা হয়েছে।
আপনার মন্তব্য