০৯ এপ্রিল, ২০২৩ ১২:১৭
হবিগঞ্জের বানিয়াচং-আজমিরিগঞ্জ সড়কে ব্যারিকেড দিয়ে দুই যুবকের মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত ৯টায় বিবিরপাড় তলাব এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় মোটরসাইকেল ছাড়াও দুই যুবক থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয় ডাকাত দল।
ভুক্তভোগীরা হলেন, আজমিরিগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জুয়েল মিয়া ও ওয়াদুদ মিয়া।
বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাত দল চলে যাওয়ার পর এলাকাবাসী গিয়ে তাদের উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগীরা জানিয়েছেন, বানিয়াচংয়ে ইফতার শেষে বাড়ি ফিরছিলেন। রাত ৯টায় বিবিরপাড় তলাব এলাকায় পৌঁছালে মুখোশধারী ডাকাত দল সড়কে ব্যারিকেড দিয়ে তাদের আটকায়। এরপর দুইজনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত ও পা বেঁধে সঙ্গে থাকা ১টি ইয়ামাহ এফজেড মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।
আপনার মন্তব্য