সিলেটটুডে ডেস্ক

০৩ জানুয়ারি, ২০১৬ ১৭:০৩

ইউএনওর অপসারণ দাবিতে চুনারুঘাটে জুতা মিছিল

হবিগঞ্জের চুনারুঘাটে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বিএনপির বিজয়ী মেয়রের পক্ষে ভোট কারচুপির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশহুদুল কবীরের অপসারণ দাবিতে জুতা মিছিল করেছেন ছাত্রলীগের পরাজিত মেয়র প্রার্থীর নেতাকর্মীরা।

আজ রোববার (৩ জানুয়ারি) দুপুরে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি চুনারুঘাট পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটের কাছে প্রতিবাদ সমাবেশ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সাইফুল ইসলাম রুবেল বিএনপির বিজয়ী মেয়র নাজিম উদ্দিন সামছুর কাছে ১৪ ভোটের ব্যবধানে পরাজিত হন। এ পরাজয়কে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

তাদের অভিযোগ, নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ইউএনও মাশহুদুল কবীর বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নাজিম উদ্দিন সামছুর পক্ষে ভোট কারচুপি করেছেন।

তিনি (ইউএনও) হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ডা. সঞ্জীব সুত্রধরের মাধ্যমে বিএনপি মনোনীত নাজিম উদ্দিন সামছুর পক্ষে ভোট চুরি করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুল আলম রুবেলকে মাত্র ১৪ ভোটের ব্যবধানে পরাজিত করান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ মাস্টার, আনিসুর রহমান, আ. কুদ্দুছ, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ, ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান রিপন, ইফতেখার আলম রিপন, বিলাল আহমেদ প্রমুখ।

বক্তারা, ২৪ ঘণ্টার মধ্যে ইউএনওর অপসারণ দাবি করেন। অন্যথায় সোমবার (৪ জানুয়ারি) থেকে আরও কঠিন আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি উচ্চারণ করেন।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবীর বলেন, ভোট কারচুপি হলে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। তা না করে ছাত্রলীগের ছেলেদের দিয়ে মিছিল করিয়ে আমাকে বেআইনিভাবে অপসারণ করতে চাইছেন। 

মিছিল এবং সমাবেশের সময় এক ঘণ্টা আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ থাকে।

আপনার মন্তব্য

আলোচিত