০৩ জানুয়ারি, ২০১৬ ১৮:৩৮
সিলেটের রিকাবীবাজার - চৌহাট্টা সড়কের পাশে স্টেডিয়াম মার্কেট। দোতলা বিশিষ্ট এই মার্কেটে রয়েছে সর্বরোগের ডাক্তারদের চেম্বার, ফার্মেসি, ডায়গনস্টিক সেন্টার, চশমা ও সার্জিক্যাল সামগ্রীর দোকান। এই মার্কেটের নেই পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা।
রবিবার বিকেল সাড়ে ৪টায় স্টেডিয়াম মার্কেট এলাকা ঘুরে দেখা গেল পার্কিংয়ের এলাকা ছাপিয়ে রাস্তার উপরে এলোমেলোভাবে দাঁড়ানো যানবাহন। সড়কের দুই প্রান্তেরই চিত্র এমন।
বিকেল ৫টা নাগাদ সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে স্টেডিয়াম মার্কেটে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে থাকা অটোরিকশা, প্রাইভেট গাড়ির ঠাই হয়েছে ততক্ষণে সড়কটির উপরে। রয়েছে ঔষধ কোম্পানি গুলোর গাড়ি, ভ্রাম্যমাণ গরম কাপড়ের দোকান, ফল বিক্রেতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হকার।
হটাৎ করে খালি জায়গা পেয়ে ঔষধ কোম্পানির কয়েকজন প্রতিনিধি টার্গেট পূরণের মিটিং সেরে নিচ্ছেন সড়কটির উপরে।
নগরীর নামী একটি ডায়গনস্টিক প্রতিষ্ঠান থেকে পরীক্ষা করিয়ে আসা এক রোগীর স্বজন সবুজ মিয়ার সাথে স্টেডিয়াম মার্কেটের পার্কিং নিয়ে কথা হলে তিনি বলেন এটা 'রাস্তা নাকি পার্কিং? অবৈধ ভাবে রাস্তার উপরে গাড়ি রাখার কারণে নগরীর সবচেয়ে প্রশস্ত রাস্তাটি হয়ে যায় সংকুচিত। রোগী দেখাতে আসলে পড়তে হয় ভোগান্তিতে।
এই সড়কের উপরে পার্কিং নিয়ে কথা হয় এডভোকেট শরবিন্দু দে'র সাথে। তিনি জানান আমাদের চলাফেরার শৃঙ্খলা না থাকার কারণে সড়ক পার্কিংয়ের স্থান হয়ে পড়েছে। আইনকে জেনে শুনে লঙ্ঘন করায় জনসাধারণের প্রতিদিনই ভোগান্তির সৃষ্টি হয়। পার্কিং মুক্ত সড়কের জন্য প্রশাসনের পদক্ষেপ নেয়া উচিত বলে মন্তব্য করেন।
আপনার মন্তব্য