নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০১৬ ১২:৩১

অরক্ষিতভাবে নির্মাণ কাজ: কানিজ প্লাজাকে নোটিশ করবে সিসিক

বিধিলঙ্ঘন করে অরক্ষিতভাবে নির্মাণ কাজ করায় নগরীর জিন্দাবাজারস্থ কানিজ প্লাজাকে নোটিশ প্রদান করবে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।

আজ (৪ জানুয়ারি) ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ভবন পরিদর্শন শেষে সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, কানিজ প্লাজায় বিধিমালা লঙ্ঘন করে অরক্ষিতভাবে নির্মাণ কাজ চলছিল। ফলে এ দুর্ঘটনা ঘটে। বিধিমালা লঙ্ঘনের জন্য কানিজ প্লাজাকে নোটিশ প্রদান করা হবে।

এদিকে কানিজ প্লাজার কর্মকর্তা মো. আব্দুল্লাহ জানিয়েছে, ভবনের দেয়াল ভেঙ্গে ক্ষতিগ্রস্থদের আজকের মধ্যেই ক্ষতিপূরণ দেওয়া হবে।

সোমবার ভোরে ভূমিকম্পে কানিজ প্লাজার দেয়াল ধসে পাশ্ববর্তী বাসার একই পরিবারের ৪ সদস্য আহত হন। এছাড়া সিলেটের বিভিন্ন স্থানে আরো ২৮ জন আহত হয়েছেন। এদের বেশির ভাগই বহুতল ভবন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হন।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক দেবাশিষ সিনহা।

তিনি জানান, সোমবার ভোর ৫টা ৫ মিনিটে ভূমিকম্পের পর সাড়ে ৫টার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে আহতদের হাসপাতালে নিয়ে আসতে শুরু করেন স্থানীয়রা।

উল্লেখ্য, ভোর ৫টা ৫ মিনিটে (৪ জানুয়ারি) রাজধানী ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৬.৮।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে,ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের মণিপুরে ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে।

আপনার মন্তব্য

আলোচিত