নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি, ২০১৬ ১১:৪৯

জামায়াতের ‘নিয়মরক্ষার হরতাল’ : চলছে দূরপাল্লার বাসও

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আপিলের রায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত শীর্ষ যুদ্ধাপরাধী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায়ের বিরুদ্ধে ডাকা জামায়াতের ‘নিয়মরক্ষার হরতালে’ চলছে দূরপাল্লার বাস। নাগরিক জীবনে সাড়া নেই।

হরতালে সকাল থেকেই অফিস-আদালত খোলা রয়েছে। দিনের শুরুতে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই এ সংখ্যা স্বাভাবিক হয়ে আসে। নগরীতে অবস্থিত ব্যাংকগুলোর শাখা অফিসের প্রধান ফটক বন্ধ থাকলেও ভেতরকার লেনদেন স্বাভাবিক।

সিলেটের কদমতলী বাস টার্মিনাল ও হুমায়ুন রশীদ চত্বর থেকে দূরপাল্লার বাসগুলো ঢাকা ও অন্যান্য রুটের উদ্দেশে ছেড়ে গেছে।

কদমতলী ও কুমারগাঁও বাসস্ট্যাণ্ড থেকে জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, সুনামগঞ্জের উদ্দেশে বাস ছেড়ে গেছে এবং সেখান থেকেও সিলেটের এসে বাস ঢুকছে।

তবে স্থানীয় রুটগুলোতে বাসের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকায় যাত্রী সাধারণ ভোগান্তির শিকার হচ্ছেন।

বাস কম থাকার কারণ সম্পর্কে জানতে জানতে সিলেট-জকিগঞ্জ রুটের বাসচালক তমির মিয়া জানান, হরতাল ও বিশ্ব ইজতেমার কারণে রাস্তায় গাড়ি কম। বাস কম ও যাত্রী বেশি থাকার কারণে তাদের ওপর বাড়তি চাপ পড়ছে বলেও জানান তিনি।

সার্বিক বিষয়ে জানতে চাইলে পরিবহন মালিক সমিতির সভাপতি সেলিম আহমদ ফলিক সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতাল হলেও বাস চলাচল স্বাভাবিক আছে। স্থানীয় রুটগুলোতে এবং দূরপাল্লার রুটগুলোতেও বাস চলছে।

উল্লেখ্য, যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার পর পরই জামায়াতে ইসলামী এর প্রতিবাদে হরতাল ডেকে আসছে। হরতালের পক্ষে কোন পিকেটিং না থাকায় অনেকেই একে তাদের জন্যে নিয়মরক্ষার হরতাল বলে আসছে। নিজামীর আপিলের রায়ের পর বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হরতাল ডাকে দলটি। 

আপনার মন্তব্য

আলোচিত