০৭ আগস্ট, ২০২৩ ২১:৫৬
হবিগঞ্জের চুনারুঘাটে এক প্রবাসীসহ দুই বাড়িতে পৃথক ডাকাতির ঘটনা ঘটেছে।
রোববার গভীর রাতে উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউনিয়নের ধনশ্রী গ্রামের প্রবাসী সুহেল খানের বাড়ি ও কালীশিরী গ্রামের হোসেন মীরের বাড়িতে পৃথক ডাকাতির ঘটনা ঘটে।
প্রবাসী সুহেলের বাড়িতে ডাকাতির সময় তাঁর ভাই মিজান মিয়া বাধা দিতে যান। এ সময় ডাকাত দলের সদস্যদের ছুরিকাঘাতে আহত হন তিনি।
স্বজনরা জানান, গভীর রাতে ১৩/ ১৪ জনের একটি দল সুহেলের বাড়িতে হানা দেয়। এ সময় তারা ওই বাড়ি থেকে নগদ টাকা ও প্রায় ২০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। একই রাতে ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়নের কালীশিরী গ্রামের হোসেন আলী মীরের বাড়িতে ডাকাত দলের হানা দেওয়ার তথ্য পাওয়া গেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা কুপিয়ে জখম করে হোসেন আলী মীরকে।
সোমবার সকালে দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
চুনারুঘাট থানার (ওসি) মো. রাশেদুল হক বলেন, ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে পুলিশের অভিযান পরিচালিত হচ্ছে।
আপনার মন্তব্য