২০ জানুয়ারি, ২০১৬ ২১:৪৮
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এসআইইউ) ছাত্রলীগ কর্মী কাজী হাবিবকে হত্যার দৃশ্য ধরা পড়েছে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভিতে। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছাত্রলীগেরই প্রতিপক্ষ গ্রুপ হামলা করে কাজী হাবিবের উপর। যে স্থানে হাবিবের উপর হামলা চালানো হয় তার পাশেই লাগানো ছিলো বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি। এই সিসিটিভতে ধরা পড়েছে হামলার দৃশ্য। ভেসে ওঠেছে হামলাকারীদের মুখ। বুধবার দুপুরে কতোয়ালি থানা পুলিশ এই ফুটেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ে এসেছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর প্রধান মুহিব ইবনে সিরাজ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিসিটিভির ফুটেজে অনেককিছুই ধরা পড়েছে। পুলিশ এই ফুটেজ নিয়ে গেছে।
তবে সিসিটিভি ফুটেজের ব্যাপারে একাধিকবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও তারা ফুটেজ প্রদানে অস্বীকৃতি জানান। এব্যাপারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদকর্মীদের ভেতরে প্রবেশে বাধা দেয়।
কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ বলেন, পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এই ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। হত্যার ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানান তিনি।
এদিকে, কাজি হাবিবুর রহমান হাবিব খুনের ঘটনায় ১১ জনকে আসামীকে করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ছাত্রলীগ কর্মী হোসাইন আহমদ সাগরকে মামলায় প্রধান আসামী করা হয়েছে। বুধবার দুপুরে কোতোয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত হাবিব ভাই কাজি জাকির হোসেন।
জানা যায়, কাজী হাবীব সাগর গ্রুপের কর্মী ছিলেন। সম্প্রতি তিনি গ্রুপ বদল করে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার গ্রুপে যোগ দেন। গ্রুপ বদলের দায়ে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন হাবীব।
আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১১ টায় এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হামলার প্রত্যক্ষদর্শী সূত্রে জানান, মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় নগরীর শামীমাবাদে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে সাগর ও সোহেলের নেতৃত্বে একদল ছাত্রলীগকর্মী তার উপর হামলা চালায়। এসময় হাবিবকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা।
নিহত হাবিব কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের রানীঘাট গ্রামের কাজি সিদ্দিকুর রহমানের ছেলে ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
আপনার মন্তব্য