নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০১৬ ১৪:০০

শহরের সব রাস্তা যেন মিলিত হয়েছে আলিয়া মাদ্রাসা মাঠে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট এসে পৌঁছেছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন।

সকাল থেকেই ওই জনসভাস্থলে দলে দলে যোগ দিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সিলেটের রাস্তা যেন মিলিত হয়েছে আলিয়া মাদ্রাসা মাঠে।

রঙিন ব্যানার-ফেস্টুন আর বিভিন্ন আকারের নৌকা নিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিলিত হচ্ছেন জনসভাস্থলের দিকে।

কেবল সিলেট নগরীই নয়, বিভাগের অন্য জেলা ও উপজেলা থেকে লোকসমাগম হচ্ছে সিলেট নগরীস্থ জনসভাস্থলে। বাস-ট্রাক-মাইক্রোবাস যোগে সিলেটের বাইরে থেকেও মানুষজন আসছে।

ইতোমধ্যেই জনসভা মাঠ লোকে লোকারণ্য হয়ে গেছে।

এর আগে, সকাল ১১টা ৫৫ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী ১২টা ২০ মিনিটের সময় হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে যান। সেখানে সিলেট মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১২টা ৫৭ মিনিটে তিনি জিয়ারতের জন্য শাহপরান মাজারে পৌঁছান।  মাজার ও আশপাশের এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ।

শাহপরান মাজার জিয়ারত শেষে তিনি মদনমোহন কলেজে বছরপূর্তি অনুষ্ঠান ও দুপুর আড়াইটার দিকে আলীয়া মাঠে জনসভায় বক্তব্য দেবেন।

আপনার মন্তব্য

আলোচিত