২২ জানুয়ারি, ২০১৬ ০১:৩৯
এসআই হাবিব
সিলেটে প্রধানমন্ত্রী জনসভা চলাকালে পেশাগত দায়িত্ব পালনে গিয়ে লাঞ্ছিত হয়েছেন তিন ফটো সাংবাদিক। সিলেট মহানগর পুলিশের এসআই হাবিব তাদের লাঞ্ছিত করেন বলে অভিযোগ সাংবাদিকদের।
তাদের অভিযোগ, প্রধানমন্ত্রীর নির্ধারিত নিরাপত্তা এলাকার বাইরে দাঁড়ানো অবস্থায় তাদের লাঞ্ছিত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান- প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের সভামঞ্চে আসন গ্রহণের পর বিকেল ৪টার দিকে একদল সাংবাদিক মাদ্রাসা মাঠ ও নিরাপত্তা এলাকার বাইরে ভিআইপি রোডের পাশে দাঁড়িয়ে পেশাগত দায়িত্ব পালন করছিলেন।
হঠাৎ করে বুলেট প্রুফ জার্সি পরা এএমপির এএসআই হাবিব কোন কথা না বলেই তাদেরকে লাঠিপেটা শুরু করেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় অন্য পুলিশ তাকে বিরত রাখতে চাইলেও ওই পুলিশ সদস্য বিরত থাকেন নি।
এ সময় পুলিশ সদস্য হাবিবের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন সিলেট বিভাগীয় ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি, সিলেট প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সিলেটের ডাকের ফটো সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, সিলেট বিভাগীয় ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য ও জেলা প্রেসক্লাবের সদস্য, দৈনিক উত্তরপূর্ব’র এবং সিলেটভিউ’র ফটো সাংবাদিক নুরুল ইসলাম এবং সিলেট বিভাগীয় ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক জালালাবাদ’র ফটো সাংবাদিক হুমায়ুন কবির লিটন।
সাংবাদিকদের অভিযোগ- তারা নির্দিষ্ট নিরাপত্তা এলাকার বাইরে থেকে সংবাদ ও ছবি সংগ্রহ করছিলেন। কিন্তু অন্যায়ভাবে তাদের উপর নিপীড়ন চালানো হয়েছে। তাৎক্ষনিকভাবে জার্সিপরা নির্যাতনকারী ওই পুলিশ সদস্যের ছবি তুলে রাখতে সক্ষম হয়েছেন সাংবাদিকরা ।
আপনার মন্তব্য