বিয়ানীবাজার প্রতিনিধি

২৪ জানুয়ারি, ২০১৬ ১৯:২১

শিক্ষামন্ত্রীর আল্টিমেটাম

সিলেটের বিয়ানীবাজারে ঐতিহ্যবাহি প্রাচীন বিদ্যাপীঠ পঞ্চখণ্ড হরগোবিন্দ মডেল উচ্চ বিদ্যালয়ে সৃষ্ট অগ্নিকাণ্ড ও চুরির ঘটনায় দোষীদের গ্রেফতারে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে মন্ত্রী বিদ্যালয় পরিদর্শনকালে এ আল্টিমেটাম দেন।

এ সময় দোষীদের গ্রেফতারের দাবিতে বিদ্যালয়ের প্রাক্তণ ও অধ্যয়নরত শিক্ষার্থীরা মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করতে গেলে তিনি বলেন, ‘আমি এই স্কুলের ছাত্র। এ ঘটনায় আমাকে স্মারকলিপি দেয়ার কোনো প্রয়োজন নেই; সৃষ্ট ঘটনায় আমি নিজেও লজ্জিত এবং মর্মাহত।’ সুষ্ঠু তদন্তপূর্বক নেক্কারজনক এ ঘটনার সঙ্গে জড়িতদের ৭ দিনের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে উপস্থিত স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।

এ সময় তিনি শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের উদ্দেশ্যে বলেন, বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দলাদলি ও বিভেদ ভুলে সবাই একসঙ্গে কাজ করুন। প্রাচীন এই বিদ্যাপীঠ নিয়ে কোনো ধরণের দলাদলি-হানাহানি বরদাস্ত করা হবে না।

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ আসাদুজ্জামান, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দ্বারকেশ চন্দ্র নাথ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবের আহমদ, এসএমসি’র সভাপতি ও বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক আলী আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাছিব মনিয়া, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, শিক্ষামন্ত্রীর একান্ত সহকারি সচিব দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল প্রমুখ।

এরআগে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে গত ১৯ জানুয়ারি বিদ্যালয়ের প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ পৌরশহরে এক মানবন্ধন কর্মসূচী পালন করেন। পরে শিক্ষামন্ত্রী বরাবর লিখিত স্মারকলিপির অনুলিপি প্রদান করেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি ভোর রাতে বিদ্যালয়ের অফিস কক্ষে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে যায় স্কুলের জরুরী রেকর্ডপত্র। এ সময় অফিসে থাকা দুইটি ল্যাপটপও জড়িতরা নিয়ে যায়।

আপনার মন্তব্য

আলোচিত