২৭ জানুয়ারি, ২০১৬ ১৫:০২
অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় কারান্তরীণ, বিএনপি নেতা হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র জি কে গউছ প্যারোলে মুক্তি পেয়ে পৌর মেয়র হিসেবে শপথ নিয়েছেন।
বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ অডিটরিয়ামে তিনি নবনির্বাচিত পৌর মেয়র হিসেবে শপথ নেন।
তখন শপথ বাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন ভূঁইয়া।
এর আগে শপথ গ্রহণ করতে কারাবন্দী মেয়র জি কে গউছকে সিলেটের ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম প্যারোলে মুক্তি দেন। শপথ গ্রহন অনুষ্ঠানে যতটুকু সময় প্রয়োজন, ততটুকু সময়ের জন্য তাকে মুক্তি দেয়া হয়েছে।
কিবরিয়া হত্যা মামলার আসামী হয়েই গত মেয়াদে মেয়র পদ থেকে সাময়িক বহিস্কৃত হয়েছিলেন গউছ।
তবে গত ৩০ ডিসেম্বর কারাগারে থেকেই হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন জি কে গউছ। তিনি প্রায় ১৩ মাস ধরে কারাবন্দী রয়েছেন।
এছাড়াও সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জের ১৬টি পৌরসভার নব নির্বাচিত মেয়ররা শপথ নিয়েছেন।
আপনার মন্তব্য