০৬ মে, ২০২৫ ২২:৪৭
সুনামগঞ্জ পৌর শহরের পূর্ব নতুনপাড়ায় মদ পান করে এক ব্যক্তির বাড়ির সামনে মাতলামি করছিলেন এক যুবক। ওই বাড়ির মালিক বের হয়ে এর প্রতিবাদ করেন। এরপর মাতলামি করা যুবকের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পুলিশ ও পারিবারিক সূত্র এ কথা জানিয়েছে।
নিহত ব্যক্তির নাম আল মুবিন (৫৫)। অভিযুক্ত ব্যক্তির নাম হৃদয় বণিক (২৮)। তিনি একই পাড়ার রবীন্দ্র বণিকের ছেলে। হৃদয়কে আটক করেছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আল মুবিনের মূল বাড়ি শহরের উত্তর আরপিননগর হলেও তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে নতুনপাড়া এলাকায় বসবাস করছেন। হৃদয় বণিক একই পাড়ার বাসিন্দা ও প্রতিবেশী। হৃদয় প্রায়ই মদ পান করে এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ করেন। মঙ্গলবার বিকেলে আল মুবিনের ঘরের পাশে নির্মাণাধীন একটি পাকা ভবন থেকে মদ পান করে রাস্তায় মাতলামি শুরু করেন।একপর্যায়ে বিরক্ত হয়ে ঘর থেকে বের হয়ে এর প্রতিবাদ করেন মুবিন। তখন কথা–কাটাকাটির এক পর্যায়ে হৃদয় উত্তেজিত হয়ে মুবিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন।
মুবিনের চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে গেলে হৃদয় দৌড়ে সেখান থেকে চলে যান। পরে মুবিনকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন পরিবারের লোকজন। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা যান।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম বলেন, শহরের পূর্ব নতুনপাড়ায় ছুরিকাঘাতে আল মুবিন নামের এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় হৃদয় বণিককে পুলিশ আটক করেছে। তিনি নেশাগ্রস্ত ছিলেন।
আপনার মন্তব্য