১২ নভেম্বর, ২০২৬ ০২:১২
পূর্ব-সিলেটের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় (ডিএম হাইস্কুল)-এর ৭৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন প্রজন্মের সেতুবন্ধনে অ্যালামনাই পুনর্মিলন ও শিক্ষক সম্মাননা উৎসব।
আগামী ১৪ নভেম্বর (শনিবার) বিদ্যালয়টির ১৯৯৫ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে বিয়ানীবাজারের লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এই বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হবে।
"শিক্ষক, বন্ধু আর পরিবার; শ্রদ্ধা-সম্মোহন দুর্নিবার"—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে যোগ দিতে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্তসহ বিশ্বের নানা দেশ থেকে বিয়ানীবাজারে এসে পৌঁছেছেন ১৯৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে বিদ্যাপীঠটির প্রবীণ ও গুণী শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা জানানো হবে। এতে বিদ্যালয়ের ১৫ জন জীবিত বরেণ্য শিক্ষককে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় ভূষিত করা হচ্ছে।
সম্মাননাপ্রাপ্ত জীবিত শিক্ষকবৃন্দ হলেন— মো. নুরুল ইসলাম চৌধুরী, মকছুছুল আম্বিয়া চৌধুরী, মো. সরিফুজ্জামান চৌধুরী, মো. নজরুল হক, ফনি ভূষন পাল, মো. মহিউদ্দীন জাকারীয়া চৌধুরী, মো. মাহবুবুর রহমান চৌধুরী, অসীম চন্দ্র পাল, অমিয় ভূষন পাল, খন্দকার জসিম উদ্দিন, সালমা-ই হাফছা, রফিকুল ইসলাম, মো. আবদুল খালেক, মো. শাহ আলম খান এবং মো. শিহাব উদ্দিন চৌধুরী।
এছাড়াও যেসব শিক্ষক বেঁচে নেই, তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হবে ‘মরণোত্তর শ্রদ্ধাঞ্জলি’। মরণোত্তর সম্মাননাপ্রাপ্ত প্রয়াত শিক্ষকবৃন্দ হলেন— মহিউল ইসলাম জায়গীরদার, রশীদ আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, কাজী মুজিবুর রহমান খান, মো. আবদুল মতিন, মো. মসাহিদ আলী, মো. আবদুল ওয়াহিদ, মো. রফিকুল ইসলাম সেলিম, মো. আবদুল মান্নান শাহ এবং মো. মুহিবুর রহমান।
অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা প্রকৌশলী মুহাম্মদ নিজাম উদ্দিন খাঁ বলেন, "ডিএম হাইস্কুল এই অঞ্চলের শিক্ষার দীপশিখা। বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলির স্মরণীয় মুহূর্তে ১৯৯৫ ব্যাচের এই প্রয়াস যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।"
আয়োজক কমিটির সদস্য রেকন চৌধুরী জানান, "এই অনুষ্ঠানের মূল বিশেষত্ব হচ্ছে— একই মঞ্চে একত্রিত হচ্ছেন শত শত শিক্ষক, শিক্ষার্থী ও তাঁদের পরিবার-পরিজন। এর মাধ্যমে আমরা মূলত তিন প্রজন্মের একটি অভূতপূর্ব সেতুবন্ধন রচনা করতে যাচ্ছি।"
আয়োজকদের অন্যতম রোমান আহমদ বলেন, "অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশ-বিদেশের সাবেক শিক্ষার্থীদের মধ্যে যে সাড়া পাওয়া গেছে তা সত্যিই অভূতপূর্ব। প্রবাসে থাকা বহু বন্ধু ইতোমধ্যে দেশে পৌঁছে গেছেন। এই পুনর্মিলন কেবল পুরনো স্মৃতির রোমন্থন নয়, বরং পারস্পরিক বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার একটি স্থায়ী রূপরেখা তৈরি করবে।"
আপনার মন্তব্য