০৮ মে, ২০২৫ ২০:৪৮
ভারত হতে অনুপ্রবেশকরা লোকজন অ্যাম্বুলেন্স যোগে নিজের গন্তব্যে যাচ্ছেন। গত বুধবার সকালে উপজেলার উত্তর শাহবাজপুর বাজার এলাকায়। ছবি-সংগৃহীত।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত দুদিনে প্রায় শতাধিক মানুষকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) ও বৃহস্পতিবার (৮ মে) দুটি ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রায় শতাধিক মানুষ অনুপ্রবেশ করেছেন। অনুপ্রবেশকারীদের মধ্যে বেশকিছু মানুষকে আটক করেছে বিজিবি। তবে আটক হওয়া মানুষের সংখ্যা কতো তা বিজিবির পক্ষ থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত করা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনায় বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে বেশকিছু মানুষকে আটক করা হয়েছে। আটক অনুপ্রবেশকারীদের ঠিকানা নিশ্চিত করনে কাজ চলমান আছে। তাদের পরিচয় চূড়ান্ত যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি এবং নিয়মিত টহল অব্যাহত আছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত বুধবার (৭ মে) ভোররাতে উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ভারত হতে অনুপ্রবেশকরা লোকজন বড়লেখা ত্যাগ করেন। কেউ কেউ দালালের মাধ্যমে সিএনজি চালিত অটোরিকশা যোগে অন্যত্র চলে যান। একইভাবে বৃহস্পতিবার (৮ মে) অনুপ্রবেশের ঘটনা ঘটে।
বড়লেখা উপজেলার ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বৃহস্পতিবার (৮ মে) বিকেলে বলেন, গত দুইদিন ধরে বেশকিছু মানুষ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছেন। বিজিবি তাদের আটক করেছে। আটকরা সকলেই বাংলাভাষী। বিজিবির পক্ষ থেকে আটককৃতদের পরিচয় নিশ্চিতের কাজ চলছে।
আপনার মন্তব্য