২৮ ফেব্রুয়ারি , ২০২৬ ০০:১৯
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া বলেছেন, এলাকার উন্নয়নের স্বার্থে সকল অধিকার নিশ্চিত করতে সবাইকে নিয়ে এক সাথে কাজ করব। দীর্ঘদিন শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ নানা মৌলিক সুবিধা থেকে হবিগঞ্জ-১ আসন অবহেলিত ছিল। নবীগঞ্জ-বাহুবল আর বঞ্চিত থাকবে না। আমার স্বপ্ন ছিল মানুষের জন্য কাজ করার। আমার বাবারও এলাকার মানুষকে নিয়ে স্বপ্ন ছিল। আমি নবীগঞ্জ-বাহুবল এলাকাটিকে একটি উন্নত-সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলব।
২৭ ফেব্রুয়ারি শুক্রবার রোজভিউ হোটেলের কনফারেন্স হলে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি আলহাজ্ব মনসুর আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিলেট জজ কোর্টের এডিশনাল জিপি এডভোকেট মো. আবুল ফজলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. খালেদ মোহসিন, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ কবি গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েট প্রফেসর ডা. এস এম হাবিব উল্লাহ সেলিম, কবি ও সাহিত্যিক জালালাবাদ এসোসিয়েশন ইউকের আবুল আজাদ কালাম ছোটন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন, সিলেটের অডিট এন্ড একাউন্টস কমিশনার আবু সাঈদ রিমন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোজভিউ হোটেলের ম্যানেজিং ডিরেক্টর মইন উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী সিলেট প্লাজা মার্কেটের চেয়ারম্যান মঈনুল আমিন চৌধুরী বুলবুল, সিলেট আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহিয়া চৌধুরী সোহেল, সিলেট কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সমর বিজয় সী শেখর, সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুর রহমান, ডাঃ জাকির হোসাইন চৌধুরী, সিমি কিবরিয়া, ছালেহ আহমদ চৌধুরী, এডভোকেট জোস্না ইসলাম, আব্দুল করিম দলা মিয়া, এসএমপি পুলিশ কর্মকর্তা আব্দুল হাদি, নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা, সিনিয়র সহসভাপতি বয়েতউল্লাহ, পানসি গ্রুপের চেয়ারম্যান আবু বকর সিতু, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিরেক্টর শাহ মোস্তাকিম আলী প্রিন্স, আমিনুজ্জামান জোয়াহির, শাহ আজাদ আলী সুমন, ছালেহ আহমদ, এইমস একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া আহমেদ, শফিউল আলম চৌধুরী, মাওলানা আবু বকর, প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হবিগঞ্জ ল’ ইয়ার্স এসোসিয়েশন সিলেটের সভাপতি মুফতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী।
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া আরও বলেন, নবীগঞ্জ পৌরসভা কেবল নামেই পৌরসভা। ময়লা আবর্জনার স্তুপে ঘেরা নবীগঞ্জ পৌর এলাকা দেশের অন্যতম পিছিয়ে পড়া পৌরসভা। এটাকে আধুনিক করতে হবে। নবীগঞ্জে অন্ততঃ ১শ’ শয্যার হাসপাতাল প্রয়োজন। বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন। নদী ও পানি সম্পদ ব্যবস্থাপনার আধুনিকায়ন দরকার। আমি অগ্রাধিকার ভিত্তিতে এ কাজগুলো শুরু করতে চাই।
বিশেষ অতিথি মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, সম্ভাবনাময় নবীগঞ্জ অনেক দিক থেকেই পিছিয়ে রয়েছে। প্রাকৃতিক খনিজ ও মানব সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে নবীগঞ্জকে এগিয়ে নিতে হবে। ড. রেজা কিবরিয়াকে নির্বাচিত করে নবীগঞ্জ বাহুবলবাসী একজন কর্মঠ ও অভিজ্ঞ জনপ্রতিনিধি পেলো। তাঁর বাবা সাবেক অর্থমন্ত্রী এসএএমএস কিবরিয়ার মতো তিনিও এলাকার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ রাখবেন।
হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. খালেদ মোহসিন বলেন, ড. রেজা কিবরিয়া তাঁর মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নবীগঞ্জ এর উন্নয়নে নতুন ধারার সৃষ্টি করবেন।
আপনার মন্তব্য