১২ নভেম্বর, ২০২৬ ১৬:৩৭
ছবি: সংগৃহীত
পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় রনজিত সরকারসহ ২০ জনকে এজাহারনামীয় এবং ১৭৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে বুধবার ভোর রাত ৩টার দিকে রাতারগুলে ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টটি’ বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং দুই কর্মীসহ চারজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—সুনামগঞ্জ সদর উপজেলার মুরারবন গ্রামের সোনাফর আলীর পুত্র রাজু ইসলাম (১৬), একই গ্রামের তাহের উদ্দিনের পুত্র ফরহাদ আহমদ (১৯), গোয়াইনঘাট উপজেলার খাসবারহাল গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র ফারুক আহমদ (৫৯) ও নয়াবস্তি গ্রামের আব্দুল খালিকের পুত্র আলী হোসেন (৩৪)। গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, গত ৮ নভেম্বর রোকন মিয়া নামের এক আইনজীবী শিক্ষা সফরের কথা বলে রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টটি’ ভাড়া নেন। শুরুতে সেখানে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হলেও পরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি রনজিত সরকার হঠাৎ সেখানে উপস্থিত হন। তিনি দলীয় ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তৃতা দেন এবং দ্রুত চলে যান।
সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার নিজের ফেসবুকে ওই সভার ভিডিও প্রকাশ করলে বিষয়টি জাতীয় পর্যায়ে আলোচনায় আসে। ভিডিও ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে ওঠে। তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেলা পুলিশ, পরে তাকে কারাগারে পাঠানো হয়। ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে রাত ১২টার দিকে সিলেট মহানগরীর গোপালটিলায় রনজিত সরকারের বাড়িতে অগ্নিসংযোগ করে। এ ঘটনার পর থেকে রনজিত সরকার ও রিসোর্ট মালিক আত্মগোপনে রয়েছেন।
অন্যদিকে, স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নিষিদ্ধ সভার আয়োজন করা সেই ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টের’ মালিক সোহেল, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের চাচাতো ভাই। বিএনপির শীর্ষস্থানীয় এক নেতার আত্মীয়ের রিসোর্টে জাতীয় পর্যায়ে আলোচিত এ সভার আয়োজন ও ঘটনার পর কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।
সোমবার রাত ১২টার দিকে রনজিত সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
আপনার মন্তব্য