নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৬ ২০:৩২

রনজিত কোন সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেছেন নিশ্চিত নয় বিজিবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেটে জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রনজিত সরকার কোন সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে প্রবেশ করেছেন তা নিশ্চিত নয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এমনকি রনজিত দেশেই থাকতে পারেন বলেও সন্দেহ সীমান্ত রক্ষী বাহিনীটির।

গত রোববার রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের একটি রিসোর্টে সভা করেন রনজিত সরকার। আত্মগোপনে থাকা এই নেতার প্রকাশ্যে এমন সমাবেশ নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে।

রনজিত সরকার দাবি করেছেন, ভারতের মেঘালয় হয়ে দেশের সীমানায় ঢুকে গত রবিবার সন্ধ্যায় সভা করেন তিনি। তার নিজের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনের আওয়ামী লীগের নেতাকর্মীকে ওই সভায় দেখা যায়।

এ ব্যাপেরে বৃহস্পতিবার বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, রনজিত সরকার কীভাবে বাংলাদেশে আসছেন তা তদন্ত শেষ না হওয়ার আগে পর্যন্ত বলা যাচ্ছে না।

ওই কর্মকর্তা বলেন, তিনি (রনজিত) হয়তো প্রোগ্রাম করেছেন সিলেটে। তার মেনে এই নয় যে তিনি সিলেটের সীমান্ত দিয়ে দেশে এসেছেন। কারণ ভারত থেকে বাংলাদেশে ঢুকার জন্য অনেক সীমান্ত আছে। উনি কোথা দিয়ে আসছেন কিংবা আগে থেকেই দেশে ছিলেন কী না তা তদন্তের আগে বলা যাবে না।

লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলে, রনজিত সিলেট সীমান্ত দিয়ে আসছেন এটা কিন্তু এখনো কোথাও প্রমাণিত হয়নি। কারণ বাংলাদেশ-ভারত সীমান্ত কিন্তু বাংলাদেশের চার হাজার একশ কিলোমিটার। তো যে কোনো সীমান্ত দিয়ে তিনি আসতে পারেন।

তিনি আরও বলেন, এই ঘটনায় পুলিশ খুব দক্ষভাবে তদন্ত করছে। আশা করি খুব শীঘ্রই আপনারা এই তদন্তের মাধ্যমে জানতে পারবেন বাট এখন পর্যন্ত যেহেতু তদন্ত চলছে আসলে এটা বলা যাচ্ছে না যে উনি কিভাবে আসছেন।

বৃহস্পতিবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অপর এক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, আসলে সীমান্তে ওভাবে নাশকতা করা খুব একটা পসিবল না। নাশকতা করতে হলে আসলে অস্ত্রশস্ত্র লাগে। সেই ক্ষেত্রে আমাদের বিজিবি প্রস্তুত আছে যাতে করে সীমান্ত রিলেটেডকোন ধরনের কোন নাশকতা না হয়, আর এই ধরনের অ্যাক্টিভিটি ভবিষ্যতে যেন না ঘটে এই কারণে আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আর সকল বাহিনীর সাথে আমাদের একটা সমন্বয় আছে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবার সাথে তো এই ধরনের ইনফরমেশন পাওয়া মাত্রই আমরা ইনশাল্লাহ অ্যাকশন নিতে পারব।

সিলেটের সীমান্তের বিভিন্ন এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নাশকতা ও অস্ত্র চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি এসব অপরাধ প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়েছে।

এর আগে জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় অস্ত্রসহ দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সীমান্তে এ ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান অধিনায়ক।

আপনার মন্তব্য

আলোচিত