১১ মে, ২০২৬ ২২:১৭
সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল দিয়ে সিএনজি আটকিয়ে ২০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১১ মে) দুপুর তিনটার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার দাঁড়িপাতন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গোলাপগঞ্জ শাখা থেকে রাজাগঞ্জ ইসলামী এজেন্ট ব্যাংকের জন্য ২০ লাখ টাকা উত্তোলন করেন ব্যাংকের স্টাফ মোহাম্মদ আলী ও সাফওয়ান আহমদ। এরপর টাকা নিয়ে গোলাপগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে একটি সিএনজি যোগে সিলেট জকিগঞ্জ রোডের দিকে রানাপিং হয়ে রাজাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। এরপর পৌর এলাকার দাঁড়িপাতন চত্ত্বর এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি মোটরসাইকেল সিএনজির সামনে এসে দাঁড়ায়। পরে আরও দুটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা এসে দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি করে। একপর্যায়ে ব্যাংক স্টাফ সাফওয়ান আহমদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
ভুক্তভোগী মোহাম্মদ আলী বলেন, আমরা ব্যাংক থেকে টাকা তুলে রাজাগঞ্জের উদ্দেশে রওনা দেই। দাঁড়িপাতন এলাকায় পৌঁছামাত্র কয়েকজন মোটরসাইকেল আরোহী এসে সিএনজির গতিরোধ করে। তারা অস্ত্র দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।
সিলেটে সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত শুক্রবার সকাল পৌনে ১১ টার দিকে দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় বিএনপি নেতা নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এঘটনায় ৯ জনকে পুলিশ গ্রেপ্তার করলেও এখনও টাকা উদ্ধার করতে পারেনি।
আপনার মন্তব্য