১৪ মে, ২০২৬ ২০:২৩
হবিগঞ্জের চুনারুঘাটে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ৬ টি ভারতীয় গরু জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার সুন্দরপুর (করইঠিলা) এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার একটি দল সুন্দরপুর এলাকায় অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে পাচারকারীরা ভারতীয় গরুগুলো নিয়ে আমুরোড বাজারের দিকে যাওয়ার সময় পুলিশ অভিযান চালায়। এ সময় পাচারকারীরা গরুগুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ গরুগুলো জব্দ করে থানায় নিয়ে আসে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, জব্দ করা গরুগুলো বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করার প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আপনার মন্তব্য