১৪ মে, ২০২৬ ২৩:৩৯
মাত্র সাড়ে তিন বছর বয়স। এখনও স্কুলে ভর্তি হওয়ার বয়স হয়নি। অথচ দুই হাতে লাঠি ঘুরিয়ে কুংফুর দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে খোদ প্রধানমন্ত্রীকে মুগ্ধ করেছে সিলেটের শিশু মো. রিফাত হোসেন।
গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সামনে কুংফু ডিসপ্লে প্রদর্শনের সময় কয়েকবার তার মাথা ও গায়ে হাত বুলিয়ে আদর করেন প্রধানমন্ত্রী। এত অল্প বয়সে শিশুটির দক্ষতা দেখে বিস্মিত হন উপস্থিত অন্যরাও। পরে সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায় রিফাত।
রিফাতের বাবা মো. আনোয়ার হোসেন, যিনি একজন জাতীয় ও আন্তর্জাতিক উশু কোচ। ছেলের নেপুণ্য নিয়ে তিনি জানান, এটি তাদের পরিবারের জন্য অনেক বড় অর্জন। টেলিভিশনে দৃশ্যটি দেখার পর আত্মীয়স্বজন ও পরিচিতজনরা ফোন করে অভিনন্দন জানিয়েছেন বলেও জানান তিনি।
রিফাত নিয়মিত বাবার সঙ্গে সিলেটের চাইনিজ উশু ফাইটার স্কুলে অনুশীলন করে। তার মা শরীফা আক্তার হেনাও বাংলাদেশ উশু ফেডারেশনের জাতীয় উশু কোচ। এছাড়া রিফাতের দুই বড় ভাইও জাতীয় জুনিয়র উশু খেলোয়াড় ও ব্ল্যাক বেল্ট হোল্ডার।
এদিকে রিফাতের এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন ক্রীড়াসংশ্লিষ্টরাও। সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার বলেন, এত ছোট বয়সে রিফাতের পারফরম্যান্স সত্যিই প্রশংসনীয়। প্রধানমন্ত্রীর সামনেই শিশুটির দক্ষতা দেখে উপস্থিত সবাই বিস্মিত হয়েছেন।
রিফাতের সহশিক্ষার্থী ও পরিবারের সদস্যরাও বলছেন, ছোট্ট এই শিশুর সাফল্য তাদের অনুপ্রেরণা জোগাচ্ছে। পরিবারের আশা, ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশের প্রতিনিধিত্ব করবে রিফাত।
আপনার মন্তব্য