ওসমানীনগর প্রতিনিধি

১৮ মে, ২০২৬ ১৯:১১

সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই : মাহফুজা হান্নান এমপি

সংরক্ষিত নারী আসনের মহিলা সংসদ সদস্য অধ্যাপিকা মাহফুজা হান্নান বলেছেন, ওসমানীনগরের উন্নয়ন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীকেন্দ্রিক নয় বরং উপজেলার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়েই একটি আধুনিক, সমৃদ্ধ ও সম্ভাবনাময় ওসমানীনগর গড়ে তুলতে চাই। একটি এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে জনপ্রতিনিধি, প্রশাসন, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের বিকল্প নেই।

সোমবার দুপুর ১২টায় ওসমানীনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মাহফুজা হান্নান এমপি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ সোহরাব আলী, নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, সেক্রেটারি আনহার আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রেদওয়ান খান, সেক্রেটারি গোলাম হায়দার, তাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর জাহেদ আহমদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আলিম, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন,সাদীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইমদাদুল হক মিলন,উপজেলা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ শিমুল,তাজপুর ডিগ্রি কলেজ সভাপতি লতিফুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় সংসদ সদস্য অধ্যাপিক মাহফুজা হান্নার আরও বলেন শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার দিয়ে ওসমানীনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সামনে রেখেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। উপজেলার প্রতিটি ইউনিয়নের সমস্যা, সম্ভাবনা ও চাহিদা মূল্যায়ন করে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে, যাতে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে যায়।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। উন্নয়ন কর্মকাণ্ড, সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে একটি জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

ওসমানীনগরের মানুষ দীর্ঘদিন ধরে যে স্বপ্ন ও প্রত্যাশা লালন করে আসছেন, তা বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন এবং সকলের সহযোগিতায় একটি উন্নত, শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় ওসমানীনগর বিনির্মাণে এগিয়ে যাবেন।

আপনার মন্তব্য

আলোচিত