নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২৬ ০০:১৯

চুরির অভিযোগে মধ্যরাতে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে থানায় তুলে নেওয়ার অভিযোগ

বাসায় চুরির ঘটনায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রকে মধ্যরাতে ঘুম থেকে তুলে থানায় ধরে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে সিলেটের শাহপরান (র.) থানা পুলিশের বিরুদ্ধে।

রোববার (১৮ মে) দিবাগত রাত দুইটার দিকে সিলেট নগরের মেজরটিলার
সৈয়দপুর এলাকায় এমন ঘটনা ঘটে। পরে আল আমীন হাসান আবিদ নামে ওই শিশুর পরিবার অনেক চেষ্টা তদবির করে ভোরের দিকে তাকে থানা থেকে ছাড়িয়ে আনে।

জানা যায়, গত ১১ মে সৈয়দপুর বি ব্লকের ৪৫-৪৬ নম্বর বাসায় একটি চুরির ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী পরিবার অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করে।

ওই জিডির সূত্র ধরে রোববার দিবাগত মধ্যরাতে চুরি হওয়া বাসার পাশ্ববর্তী বাসার বাসিন্দা আমির হাসান শামীমের শিশুসন্তান আবিদকে ধরে নিয়ে যায় পুলিশ।

পুলিশের এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শিশুটির বাবা জানান, গভীর রাতে পুলিশের এমন আচরণে শিশুটির মনে মারাত্মক ভীতির সঞ্চার করেছে।

তিনি বলেন, তদন্তের প্রয়োজনে পুলিশ দিনের বেলায় পরিবারের উপস্থিতিতে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করতে পারত। তা না করে মধ্যরাতে তাকে থানায় তুলে নিয়ে যাওয়া বেআইনী ও অমানবিক আচরণ।

তিনি আরও বলেন, আবিদকে তুলে নেওয়ার ব্যাপারে শাহপরান (র.) থানা পুলিশের কাছে জানতে চাইলে তারা বলেন, শিশুটির বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

এ ব্যাপারে শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসনের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত