২০ মে, ২০২৬ ২৩:৪৪
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজের ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে ওই শিশুর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আকবর হোসেন (৩৬) উপজেলার ঘিলাতৈল গ্রামের বাসিন্দা।
বুধবার (২০ মে) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-১২) দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মায়ের অনুপস্থিতিতে ওই শিশুকে প্রথম দফায় ধর্ষণ করে আকবর। এরপর গত ১৯ মে ভোর রাতে নিজ বসতঘরেই শিশুটি আবার ধর্ষিত হয়।
এজাহারে বলা হয়, শিশুটি তার মাকে বিষয়টি খুলে বলে। এরপর মা স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়-স্বজনদের সহায়তায় থানায় গিয়ে লিখিত এজাহার দায়ের করেন।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিকে গ্রেপ্তার করে। বুধবার দুপুর ১২টায় তাকে কড়া পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আপনার মন্তব্য