শ্রীমঙ্গল প্রতিনিধি

২৯ মে, ২০২৬ ২১:২০

সমতল ও পাহাড়ের মানুষ সমান অধিকার পাবে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান বলেছেন, ‘সমতল ও পাহাড়ের মানুষ সমান অধিকার পাবে, কোন বৈষম্য থাকবে না। বৈষম্য থাকলে তো কোন উন্নয়ন হবে না। উরাংসহ যে সকল জাতিগোষ্ঠী রয়েছে তাদেরকে অন্যান্য জাতিগোষ্ঠীর সমপর্যায়ে এগিয়ে যাওয়ার দরকার আছে।’

শুক্রবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সঙ্গে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। মনিপুরী ললিতকলা একাডেমির আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

মন্ত্রী বলেন, আমাদের পার্বত্য এলাকার চাকমা, মারমা, ত্রিপুরারা অনেক উন্নত হয়েছে। কিন্তু সমতলের খিয়াং, লুসাই এসব জাতিগোষ্ঠী অনেক পিছিয়ে পড়েছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন কাউকে পিছিয়ে আমরা কোন ধরনের উন্নয়ন করতে পারব না।’

এর আগে মন্ত্রী ললিতকলা একাডেমি কমপ্লেক্স পরিদর্শন করেন। ললিতকলা একাডেমিতে পৌছালে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

এ সময় মন্ত্রীর একান্ত সচিব, মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষজন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত