মো: নাজমুল ইসলাম, বড়লেখা

২৯ মে, ২০২৬ ২৩:৫৬

পর্যটন খাতকে আরও গতিশীল করতে কাজ করছে সরকার: মন্ত্রী দীপেন দেওয়ান

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বক্তব্য রাখছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পাহাড় ও সমতল অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। উন্নয়নের ক্ষেত্রে পাহাড় ও সমতলের মধ্যে কোনো বৈষম্য রাখা হবে না।

বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাহাদুরপুর চা বাগান পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বসবাসরত খাসিয়া আদিবাসী জনগোষ্ঠীর দীর্ঘদিনের ভূমি-সংক্রান্ত সমস্যার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরবেন। পাশাপাশি এ সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা করা হবে।

সীমান্ত এলাকায় মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’নীতি অনুসরণ করছে উল্লেখ করে তিনি বলেন, মাদক, সন্ত্রাস কিংবা চাঁদাবাজির সঙ্গে জড়িত যে-ই হোক না কেন, কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধীর রাজনৈতিক পরিচয়ও বিবেচনায় নেওয়া হবে না। এ সময় তিনি সংশ্লিষ্ট থানার ওসিকে মাদকের বিরুদ্ধে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

পর্যটন খাত প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার পর্যটন শিল্পের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। ইতোমধ্যে একটি ট্যুরিজম বোর্ড গঠন করা হয়েছে এবং সেখানে তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে কাজ চলমান রয়েছে, যা দেশের পর্যটন খাতকে আরও গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সিলেট ও মৌলভীবাজার অত্যন্ত সম্ভাবনাময় পর্যটন এলাকা। এসব অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। এ সময় তিনি মাধবকুণ্ড পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন এবং পর্যটন এলাকার পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) রবীন্দ্র চাকমা, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম, থানার ওসি মনিরুজ্জামান খান, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, প্রচার সম্পাদক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাস, দপ্তর সম্পাদক দৈনিক মানবজমিন প্রতিনিধি এজে লাভলু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত