নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২৬ ২০:৫৬

এবছর প্রায় ৫৬ লাখ ৫০ হাজারের বেশি চামড়া সংরক্ষিত হয়েছে : শিল্পমন্ত্রী

শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এবছর প্রায় ৫৬ লাখ ৫০ হাজারের বেশি চামড়া সংরক্ষিত হয়েছে। যা প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। । এরপরও আরো কিছু সংরক্ষণের আশা সরকারের। যারা পরবর্তী ধাপে চামড়া কিনবেন, তাদের কেনার প্রক্রিয়ার মধ্যে স্লথগতি পরিলক্ষিত হলে ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দিবে সরকার।

রোববার বিকালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, চামড়া সংরক্ষণ নিয়ে পুরো সন্তুষ্ট হয়ে যাওয়াটা ভাল লক্ষণ না। একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে যে পরিমাণ চামড়া সংরক্ষণ হয়েছে আলহামদুলিল্লাহ। এর বেশি চিন্তা করলে এটা না শোকর।

শিল্প মন্ত্রী বলেন, তবে আগামী দিনে চামড়া খাতকে পরিকল্পনা মাফিক খাতে রূপান্তর করার জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে বিভাগীয় শহরগুলোতে স্লটার হাউজ করা হবে। যার মাধ্যমে পশু জবাই, চামড়া ছাড়ানো ও মাংস কেটে গ্রাহকদের হাতে দেওয়া হবে৷ এটি হবে পেশাগত দক্ষতার সাথে এবং কম খরচে। এটি বাস্তবায়ন হলে স্লটার হাউজের মাধ্যমে জবাইকৃত চামড়ার পুরোটাই সংরক্ষণ করা যাবে। পাশাপাশি শহরগুলোতে পশু জবাই জনিত কারণে আবর্জনা জমানোর সুযোগ থাকবে না।

বাণিজ্য মন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের প্রক্রিয়ায় যে সমস্ত ট্যানারিগুলো ঝরে পড়েছে, ব্যবসা শুরু করতে পারেনি- তাদের মধ্যে উদ্যম ও সক্ষমতা আছে এমন ট্যানারিকে সরকার পৃষ্ঠপোষকতা করবে। তারা যাতে ইটিপি স্থাপন করেন সেজন্য কারিগরি ও আর্থিক সহযোগিতা দেবে সরকার।

মন্ত্রী আরও বলেন, সম্ভাব্যতা যাচাইয়ের পর কেন্দ্রীয় ইটিপি সক্ষমতা বাড়ানো হবে। সাভারে যতগুলো ট্যানারি ব্যবসা করবে প্রত্যেকটাকে এলজিডব্লুিউর গোল্ড ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হবে। এটিই হবে সরকারের আগামী দিনের সীমামাত্রা (threshold)।

যাতে দেশের বাইরে পণ্য বিক্রিতে ব্যবসায়ীরা সর্বোচ্চ বিনিময় পান সেটিই আগামী দিনে নিশ্চিত করা হবে।

এর আগে আলোচনা সভায় বক্তারা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তাঁর অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত