শ্রীমঙ্গল প্রতিনিধি

৩১ মে, ২০২৬ ২২:০৫

ঈদের ছুটিতে লাউয়াছড়ায় ৪ দিনে রাজস্ব আয় ৫ লাখ টাকা

ঈদুল আযহার টানা ছুটিতে ঈদের ২য় দিন থেকে উপচে পড়া ভিড় দেখা গেছে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে। ঈদের দিন গত বৃহস্পতিবার থেকে শুরু করে আজ রবিবার (৩১ মে) পর্যন্ত চার দিনে উদ্যানটিতে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৪ হাজার ১৮১ জন পর্যটক ভ্রমণ করেছেন। এতে প্রবেশ টিকিট বাবদ সরকারের মোট রাজস্ব আয় হয়েছে ৪ লাখ ৯৭ হাজার ৮৫২ টাকা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে এবং প্রকৃতির সান্নিধ্য পেতে হাজারো মানুষ ছুটে এসেছেন এই চিরসবুজ বনে। চার দিনের পর্যটকদের পরিসংখ্যানে দেখা গেছে, মোট আগন্তুকদের মধ্যে দেশি পর্যটকের সংখ্যাই বেশি হলেও এর মধ্যে ২৭ জন বিদেশি পর্যটকও ছিলেন।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের ইকো ট্যুর গাইড অজানা আহমেদ কামরান জানান, প্রতিবছরের মতো এবারও ঈদের ২য় দিন থেকে পর্যটকদের ভিড় ছিল। পর্যটকদের নিরাপত্তা ও বনের পরিবেশ সুরক্ষায় বন বিভাগ ও ট্যুরিস্ট পুলিশের বিশেষ নজরদারি ছিল। চার দিনে প্রায় ৫ লাখ টাকার রাজস্ব আয় হয়।

উদ্যানের টিকেট কালেক্টর শাহীন আহমেদ বলেন, ঈদের ছুটিতে পর্যটকের ভীড় জমেছে। ঈদের ৪ দিনেই লাউয়াছড়ায় ৪ হাজারের বেশি পর্যটক ভ্রমণ করেছেন। এতে সরকারেরর রাজস্ব আয় হয়েছে প্রায় ৫ লাখ টাকা। বনের পরিবেশ রক্ষা এবং পর্যটকদের নিরবচ্ছিন্ন সেবা দিতে বনকর্মী ও সিপিজি সদস্যরা সার্বক্ষণিক কাজ করেছেন।

পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের পরিদর্শক প্রজিত কুমার দাশ বলেন, ঈদের ছুটিকে কেন্দ্র করে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার সকল গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। নিয়মিত টহলের পাশাপাশি থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে পর্যটকদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পর্যটকেরা যাতে সম্পূর্ণ স্বস্তিতে ও নিরাপদে ঘুরে বেড়াতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে।

আপনার মন্তব্য

আলোচিত