০৫ জুন, ২০২৬ ২০:১১
‘সরকারের জন্মের ঠিক নেই’ বলে মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান।
শুক্রবার ফেসবুকে দেওয়ার এক পোষ্টে তিনি এই দুঃখপ্রকাশ করেন।
এরআগে বৃহস্পতিবার বিকেলে জ্বালানি তেল, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেট নগরের কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে সিলেট মহানগর জামায়াত। সেই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির জেলা আমির মাওলানা হাবিবুর রহমান। সমাবেশে তিনি ‘সরকারের জন্মের ঠিক নেই’ বলে মন্তব্য করেন।
সমাবেশে তিনি বলেন, ‘যার জন্মের ঠিক থাকে না তাদেরকে আমরা বলি পুঙ্গা। এই সরকারের জন্মের ঠিক নাই। কারণ এই সরকার জনগনের ভোটে পাস করে নাই। এই সরকার পাস করেছে ইঞ্জিনিয়ারিং ভোটে। এই সরকার জনগনের সরকার নয়। জনগনের সরকার হলে জনগনের গণভোটকে অস্বীকার করতো না। এই সরকার আল্লাহ রসুলের ভাষায়, শরিয়তের ভাষায় একটা গজব। এই সরকার ডাকাতদের সরকার’।
তার এমন বক্তব্য নিয়ে সিলেটজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। সমালোচনার প্রেক্ষিতে তিনি ফেসবুকে দুঃখ প্রকাশ করেন।
শুক্রবার (৫ মে) সকালে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন মাওলানা হাবিব। পোস্টে তিনি লেখেন, ‘গতকাল জ্বালানি তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে আমার বক্তব্যে সিলেটি ভাষার একটি শব্দ চয়ন মোটেই ঠিক হয়নি। আমার শুভাকাঙ্ক্ষীসহ অনেকেই কষ্ট পেয়েছেন। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি’।
আপনার মন্তব্য