নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০২৬ ১৩:৪৭

সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তুতিমূলক অনুষ্ঠান সম্পন্ন

আসন্ন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শুক্রবার (৫ জুন) সিলেট নগরীর উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাসে প্রস্তুতিমূলক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ভারতীয় সহকারী হাইকমিশন, সিলেটের উদ্যোগে এবং স্থানীয় ওয়েলনেস সংগঠন ‘ট্রিপল এ’ (Triple A)-এর সহযোগিতায় আয়োজিত এ ‘রান-আপ ইভেন্ট’-এ যোগব্যায়ামের গুরুত্ব, সুস্থ জীবনধারা গঠন এবং আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাস পরিচালনা কমিটির সদস্য অরুণ পাল, লেখক, প্রামাণ্যকার ও সংগঠক
নিরঞ্জন দে এবং ‘ট্রিপল এ’-এর পরিচালক পদ্মশ্রী দে।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তারা বর্তমান সময়ে শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষায় যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে নিয়মিত যোগচর্চার প্রতি উৎসাহিত করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ২০১৫ সালে ভারত সরকারের উদ্যোগে জাতিসংঘের অনুমোদনের মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবসের সূচনা হয় এবং এরপর থেকে প্রতিবছর ২১ জুন বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপিত হয়ে আসছে। তিনি বলেন, যোগ শুধু শরীরচর্চার একটি পদ্ধতি নয়; এটি সুস্থ, সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের একটি দর্শন।

৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবসের প্রেক্ষাপটে, তিনি মানবস্বাস্থ্যের সঙ্গে পরিবেশের সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন এবং মন্তব্য করেন, একটি সুস্থ পরিবেশ যেমন মানুষের জীবনকে নিরাপদ করে, তেমনি নিয়মিত যোগচর্চা শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বর্তমান প্রজন্মের মধ্যে ক্রমবর্ধমান মানসিক চাপ, উদ্বেগ ও বিভিন্ন মানসিক সমস্যার মোকাবিলায় যোগব্যায়ামের ইতিবাচক প্রভাবের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় ওয়েলনেস সংগঠন ‘ট্রিপল এ’-এর উদ্যোগে উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাসের ছাত্রীদের অংশগ্রহণে একটি বিশেষ যোগ সেশন পরিচালিত হয়। সেশনে অংশগ্রহণকারীদের বিভিন্ন মৌলিক যোগাসন, শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ পদ্ধতি এবং মানসিক প্রশান্তি অর্জনের কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।

উল্লেখ্য, আগামী ২০ জুন সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উদযাপন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত