০৬ জুন, ২০২৬ ১৮:৫৪
সুনামগঞ্জের দিরাই উপজেলায় মাদকবিরোধী অভিযানে আটক তিন ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে দিরাই পৌর শহরের আরামবাগ ও হাসপাতাল রোড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার দাপকাই গ্রামের নজরুল ইসলামের ছেলে ওসামা ওরফে লাদেন (২১), জন উদ্দিন এবং করুক মিয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ওসামা ওরফে লাদেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই আইনের আওতায় জন উদ্দিন ও মো. করুক মিয়াকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির বলেন, মাদকের অপব্যবহার রোধ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক সেবন, বহন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। তরুণ সমাজকে রক্ষায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।
আপনার মন্তব্য