বানিয়াচং প্রতিনিধি

১২ জুন, ২০২৬ ১৮:৩৭

শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে: এমপি ডা. জীবন

বানিয়াচং উপজেলায় শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে ‘স্ট্যার্টআপ সাইন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোয়িং প্রোগ্রামে’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর শাখাওয়াত হাসান জীবন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী।

প্রধান অতিথির বক্তব্যে আবু মনসুর শাখাওয়াত হাসান বলেন, বর্তমান যুগ জ্ঞান ও প্রযুক্তিনির্ভর। আমাদের শিক্ষার্থীদেরকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং বাস্তবমুখী জ্ঞান ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে। আজকের এই আয়োজন নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সরকার শিক্ষাব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তন আনতে কাজ করছে। তরুণদের উদ্ভাবনী চিন্তা ও স্ট্যার্টআপ উদ্যোগকে উৎসাহিত করতে এমন কার্যক্রম নিয়মিত আয়োজন করা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা বেগম সাথী বলেন, বর্তমান প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হলে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চিন্তার কোনো বিকল্প নেই। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা আজ যে সকল স্ট্যার্টআপ আইডিয়া ও বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করেছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক। এসব উদ্যোগকে সঠিক দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা দেওয়া হলে ভবিষ্যতে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, স্ট্যার্টআপ আইডিয়া এবং বিজ্ঞানভিত্তিক গবেষণার প্রদর্শনী উপস্থাপন করেন। উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারার প্রশংসা করেন এবং তাদের এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন।

এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা, বৈজ্ঞানিক প্রকল্প এবং উদ্যোক্তা-ভাবনা তুলে ধরার সুযোগ পাচ্ছে। আজকের প্রতিযোগিতায় বিজয়ী দলসমূহের মধ্য থেকে শ্রেষ্ঠ দল জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করবে। জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ দল জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

কর্মসূচির আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এবং বাস্তবায়নে সহযোগিতা করে উপজেলা প্রশাসন, বানিয়াচং।

আপনার মন্তব্য

আলোচিত