সিলেটটুডে ডেস্ক

১৫ জুন, ২০২৬ ১৩:২১

যুবদলের সহ-সভাপতি হলেন কুলাউড়ার আবু সাইদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা, যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের (যুবদল) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন।

সম্প্রতি ঘোষিত যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে তাঁকে সহ-সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। এর আগে তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক পদমর্যাদায় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আবু সাইদ আহমদ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বিএনপি ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। তিনি ২০০৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১৭ বছর যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

ছাত্রজীবনে ঢাকা কলেজে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তীতে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে তিনি ঢাকার তৎকালীন ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং মতিঝিল থানা যুবদলের সহ-সভাপতি হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন।

বর্তমানে আবু সাইদ আহমদ স্বপরিবারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন।

আবু সাইদ আহমদ বলেন, ছাত্রদলের রাজনীতির মাধ্যমে শহীদ জিয়ার রাজনীতি শুরু করেছি। যুবদলের রাজনীতিতে দীর্ঘদিন থেকে গণতন্ত্রের সংগ্রামে কাজ করার ফলে কেন্দ্রীয় কমিটিতে মনোনীত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ও সব সময় সক্রিয় ভূমিকা পালন করবো।

আপনার মন্তব্য

আলোচিত