২৪ জুন, ২০২৬ ২৩:৩২
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার পর তাকে পুনর্বহাল করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি দাবি ছড়িয়ে পড়েছে।
২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারওয়ার আলমকে সিলেটের ডিসির পদ থেকে প্রত্যাহার করা হয়।
হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজারের তহবিল ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগকে ঘিরে তিনি সম্প্রতি আলোচনায় ছিলেন। প্রত্যাহারের বিষয়টি তিনি নিজেও গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এরপর ২৩ জুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিদায়ী স্ট্যাটাসে সারওয়ার আলম লেখেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’
একই দিন তিনি সিলেট ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হন। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বও নিয়েছেন।
এমন প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক প্ল্যাটফর্মে ‘আলহামদুলিল্লাহ, সিলেটবাসীর প্রতিবাদের কারণে ডিসি সারওয়ার আলম স্যার পুনর্বহাল’ শিরোনামে একটি দাবি ছড়িয়ে পড়ে। ‘Abdul Aziz Saddam’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচারিত পোস্টটিতে প্রায় সাড়ে ৪ হাজার প্রতিক্রিয়া পড়েছে। পোস্টের নিচে জমা হয়েছে ৬০০টির বেশি মন্তব্য। এই একটি পোস্ট প্রায় ৪০০ বার শেয়ার করা হয়েছে।
আর কে রাসেল নামে একজন মন্তব্য করেছেন, ‘সত্য হলে আলহামদুলিল্লাহ। যদি সরকার ওনাকে সিলেটের ডিসি হিসেবে সত্যিই পুনর্বহাল করেন, তাহলে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ইতিবাচক বলে ধরে নেয়ার সুযোগ আছে।’
ফেসবুকের ৩৫টির বেশি পেজ, গ্রুপ ও ব্যক্তিগত প্রোফাইল থেকেও একই দাবি পুনঃপ্রচার করা হয়।
দাবিটির সত্যতা যাচাই করতে গিয়ে ‘সারওয়ার আলমকে পুনর্বহাল করা হয়েছে’—এমন দাবি করা পোস্টে সরওয়ার আলমের পাসপোর্ট সাইজের ছবির পাশে একটি নোটিশের ছবি দেখা যায়। নোটিশের ছবিটি কিছুটা অস্পষ্ট এবং আংশিক অংশ পোস্ট করা হয়েছে।
ভালো করে দেখলে দেখা যায় প্রজ্ঞাপনটির তারিখ ২১ জুন ২০২৬, পদের ঘরে লেখা রয়েছে উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। স্বাক্ষরিত প্রজ্ঞাপনে যিনি স্বাক্ষর করেছেন, তাঁর নাম দেখা যায় জেতী প্রু, জ্যেষ্ঠ সহকারী সচিব।
অর্থাৎ সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে যে প্রজ্ঞাপন জারি করেছিল, মূলত সেটির আংশিক ও অস্পষ্ট স্ক্রিনশট ব্যবহার করে প্রচার করা হচ্ছে। সিলেটের ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার নিয়ে প্রকাশিত সংবাদ ২১ জুন এবং জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়।
সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি–সংক্রান্ত কোনো তথ্য সংবাদমাধ্যম, সরকারি সূত্র কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য উৎসে পাওয়া যায়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এমন কোনো আদেশও পাওয়া যায়নি। প্রচারিত পোস্টগুলোতেও দাবির পক্ষে কোনো প্রমাণ বা সূত্র উল্লেখ করা হয়নি।
বরং প্রকাশিত সংবাদ ও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রত্যাহারাদেশ কার্যকর হওয়ার পর সারওয়ার আলম দায়িত্ব হস্তান্তর করেছেন এবং সিলেট ত্যাগ করেছেন। নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন পিংকি সাহা।
এ ছাড়া সারওয়ার আলমের নিজের ফেসবুক পোস্ট থেকেও স্পষ্ট হয় যে তিনি সিলেট থেকে বিদায় নিয়েছেন।
সুতরাং, সিলেটের জেলা প্রশাসক হিসেবে সারওয়ার আলমকে পুনর্বহালের যে দাবি করা হচ্ছে, তা ভুয়া।
সূত্র : প্রথম আলো
আপনার মন্তব্য