জকিগঞ্জ প্রতিনিধি

০২ জুলাই, ২০২৬ ০১:৩০

জকিগঞ্জে মাদ্রাসাছাত্র নিখোঁজ, ১৭ দিনেও মেলেনি সন্ধান

ছবি: সংগৃহীত

সিলেটের জকিগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার ১৭ দিন পার হলেও মাদ্রাসাছাত্র আবদুল্লাহ আল ইমরান (১৮)-এর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ আবদুল্লাহ আল ইমরান উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রাম এলাকার মো. আব্দুল মুতলিবের ছেলে। তিনি উপজেলার মাতারগ্রাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। লেখাপড়ার পাশাপাশি স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।

পরিবারের সদস্যরা জানান, গত ১৫ জুন ২০২৬ সন্ধ্যায় ইমরান নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে তার বাবা মো. আব্দুল মুতলিব গত ১৭ জুন জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে ১ জুলাই পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

জিডিটির তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন বলেন, “নিখোঁজ ইমরানকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তিনি কোনো মোবাইল ফোন ব্যবহার করতেন না। ফলে প্রযুক্তিগতভাবে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না।”

এদিকে পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার দিন ইমরানের দুই বন্ধু তাকে দুটি সিম কার্ড দিয়েছিলেন। বিষয়টি তারা পুলিশকে অবহিত করেছেন। ওই সিম কার্ডের সূত্র ধরে তদন্ত এগিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।

পরিবারের পক্ষ থেকে, ইমরানের অবস্থান সম্পর্কে কোনো ব্যক্তি তথ্য জানলে দ্রুত জকিগঞ্জ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

 

আপনার মন্তব্য

আলোচিত