নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২৬ ০১:৪০

গত অর্থবছরে সিলেটে মূসক খাতে রাজস্ব আদায় বেড়েছে

২০২৫-২০২৬ অর্থবছরে সিলেটে মূসক (ভ্যাট) খাতে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

১ জুলাই কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট কার্যালয় থেকে জানানো হয়, বিদায়ী অর্থবছরে প্রতিষ্ঠানটি মূসক খাতে ১ হাজার ৫৭০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে।

তথ্যানুযায়ী, ২০২৪-২০২৫ অর্থবছরে এই খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১ হাজার ৩৬২ কোটি টাকা। সেই হিসাবে চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে প্রায় ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

কমিশনারেট জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন সিলেট ভ্যাট বিভাগ, মৌলভীবাজার ভ্যাট বিভাগ, সুনামগঞ্জ ভ্যাট বিভাগ এবং হবিগঞ্জ ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে। একই সঙ্গে ভ্যাট নিবন্ধনের আওতা বৃদ্ধি, ভ্যাট নেটওয়ার্ক সম্প্রসারণ, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সংখ্যা বৃদ্ধি, নিয়মিত দাপ্তরিক পরিদর্শন, অডিট এবং মামলা নিষ্পত্তিসহ বিভিন্ন কার্যক্রম রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

রাজস্ব আদায়ে এ অর্জনের জন্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং নিয়মিত ভ্যাট প্রদানকারী ব্যবসায়ীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট।

প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার খন্দকার নাজমুল হক আশা প্রকাশ করেন, সরকার, ব্যবসায়ী সমাজ এবং করদাতাদের সম্মিলিত সহযোগিতায় আগামী দিনেও রাজস্ব আদায়ের এই ধারা অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত