জগন্নাথপুর প্রতিনিধি

০৩ জুলাই, ২০২৬ ২০:১৪

জগন্নাথপুরে মুয়াজ্জিনকে ব্যতিক্রমী সংবর্ধনা

দীর্ঘ ২৩ বছর নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক মুয়াজ্জিনকে বিদায় সংবর্ধনা দিয়েছেন এলাকার যুবসমাজ।

শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজ শেষে জগন্নাথপুর পৌরশহরের উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন গোলাম কবিরকে এ রাজকীয় বিদায় জানানো হয়। দেওয়া হয়েছে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী।

এলাকার যুবক ও মুসল্লিদের আয়োজনে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে মসজিদ প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে ওই মুয়াজ্জিনকে তাঁর নিজ বাড়ি ভবানীপুর গ্রামে পৌঁছে দেওয়া হয়। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মুসল্লিরা জানান, গোলাম কবির দীর্ঘ ২৩ বছর অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে মসজিদের সেবা করে গেছেন। তাঁর অবদান এলাকাবাসী সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ভবিষ্যৎ জীবন সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে বিদায়ী মুয়াজ্জিন গোলাম কবির বলেন, এমন ব্যতিক্রমী বিদায়ে এলাকার যুবক ও মুসল্লীদের কাছে কৃতজ্ঞ। তিনি সবার কাছে তাঁর জন্য দোয়া চেয়ে বিদায় নেন।

আপনার মন্তব্য

আলোচিত