গোয়াইনঘাট প্রতিনিধি

০৭ জুলাই, ২০২৬ ১৪:৪৬

জাফলং জিরো পয়েন্টে গভীর রাতে বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্ট এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে গভীর রাতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও টাস্কফোর্স।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত জাফলং জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে শাহ আলম নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত শাহ আলম জামালগঞ্জ উপজেলার মৃত চাঁন মিয়ার ছেলে।

এ সময় আরও একজনকে আটক করা হলেও তিনি অপ্রাপ্তবয়স্ক (নাবালক) হওয়ায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মুচলেকার ভিত্তিতে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সংগ্রাম বিওপি’র ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, গোয়াইনঘাট থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রাজীব রায়সহ পুলিশের সদস্যবৃন্দ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র সদস্যরা।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন বলেন, জাফলং জিরো পয়েন্টের প্রাকৃতিক পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের মাধ্যমে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। পরিবেশ ধ্বংসকারী ও সম্পদ লুটকারীদের দমনে আগামীতেও নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত