নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই, ২০২৬ ০০:১৬

বন্যা পরিস্থিতি: আপাতত স্থগিত হচ্ছে না সিলেটের এইচএসসি পরীক্ষা

বন্যা পরিস্থিতির কারণে সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করার ব্যাপারে আলোচনা হলেও তা আপাতত স্থগিত করা হচ্ছে না।

শুক্রবার (১০ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার পর সিলেট বিভাগের ৪ জেলা প্রশাসক, পরীক্ষার পর্যবেক্ষক দলসহ সবার সঙ্গে বৈঠকে বসা হয়েছে। সেই সভায় আমাদের জেলা প্রশাসকরা আশ্বস্ত করেছেন, সিলেট অঞ্চলে এখনো এরকম পরিস্থিতি তৈরি হয়নি যে পরীক্ষা দেওয়া যাবে না। সেজন্য আপাতত পরীক্ষা স্থগিত করার কোন সিদ্ধান্ত হয়নি। সে হিসেবে আগামীকাল রুটিন অনুযায়ী যথাসময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা হবে।

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, পরীক্ষা কেন্দ্রগুলো এখনো ভালো রয়েছে। তাই, আমরা পরীক্ষা স্থগিত করছি না। তবে, সামনে বন্যা পরিস্থিতির অবনতি হলে তখন হয়তো স্থগিতের সিদ্ধান্ত আসতে পারে। এখন পর্যন্ত বলা যায়, পরীক্ষা হবে।

এর আগে বোর্ড কর্তৃপক্ষ তাদের অধীন জেলাগুলোর ডিসিদের কাছ থেকে প্রতিবেদন সংগ্রহ করছেন।

সিলেটে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন বলেন, শনিবার নির্ধারিত সময়ে সিলেট শিক্ষা বোর্ডের সকল কেন্দ্রে এইচএসি পরিক্ষা অনুষ্টিত হবে।

টানা তিন দিনের বৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট বিভাগের চার জেলায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

মৌলভীবাজারের মনু ও হবিগঞ্জের খোয়াই নদীর পানি এরই মধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার খুব কাছাকাছি পৌঁছেছে। এতে বিভাগজুড়ে বন্যার আশঙ্কা দিয়েছে।

এদিকে, বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত