নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২৬ ২২:৫৪

সিলেটে মেয়েকে হত্যা: আদালতে জবানবন্দিতে যা বললেন বাবা

সিলেটের বিয়ানীবাজারে চাঞ্চল্যকর রায়কা আক্তার রিয়া (১৭) হত্যার ঘটনায় তার বাবা আবু বক্করকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) রাতে গোপন তথ্যেরে ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর রবিবার (১২ জুলাই) দুপুরে আদালতে হত্যার দায় স্বীকার করে লোমহর্ষক জবানবন্দি দিয়েছেন আবু বক্কর। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরআগে রিয়াকে হত্যার ঘটনায় বিয়ানীবাজার থানায় স্বামী আবু বক্করকে (৪৫) প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করেন তার মা। নিহত রিয়া স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীতে অধ্যায়নরত।

আদালত সূত্র জানায়, আদালতে দেয়া জবানবন্দিতে আবু বক্কর মেয়েকে হত্যার পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি হত্যার নেপথ্যের কারণ জানান। আবু বক্কর আদাতেকে বলেন, মেয়েকে ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে না জড়ানোর জন্য একাধিকবার নিষেধ করেন তিনি। এরপরেও মেয়ে তার কথা না শুনায় তিনি তাকে হত্যার পরিকল্পনা করেন। শুক্রবার (১০ জুলাই) জুম্মার নামাজের সময় উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে নিহতের নানাবাড়ির পুকুর ঘাটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যান।

নিহত রায়কা আক্তার রিয়া (১৭) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের সিএনজি অটোরিকশা চালক আবু বক্করের মেয়ে।

পুলিশ সূত্র জানায়, নিহত রিয়ার সাথে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার শাহিন নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এক বছর পূর্বে ওই ছেলের সাথে পালিয়ে যায়। একমাস পর পরিবার তাকে ফিরিয়ে নিয়ে আসে। ছেলেটি বখাটে, তাছাড়া অপ্রাপ্ত বয়স্ক, তাই বিয়ে দেওয়াও সম্ভব হয়নি। মেয়েকে নিয়ন্ত্রণে রাখতে ৩/৪ মাস যাবত ইনাম গ্রামে তার নানার বাড়িতে রাখা হয়। কিন্তু সেখানেও থাকাবস্থায় এলাকার একটি ছেলের মাধ্যমে আবারো পুরোনো প্রেমিকের সাথে যোগাযোগ রক্ষা করে।

সেই সাথে সম্প্রতি প্রেমিকের সাথে যোগাযোগ করে আবার পালানো চেষ্টা করে রিয়া। খবর পেয়ে তার পরিবারের লোকজন তাকে আটকায়। ঘটনাটি জানতে পেরে তার বাবা আবু বকর ক্ষিপ্ত হয়ে মেয়েকে বৃহস্পতিবার বাড়িতে ‍নিয়ে যান। তবে রাত্রে কোনো ঝামেলা হয়নি। মেয়ের প্রতি বাবার ক্ষুব্ধ (এগ্রেসিভ) মনোভাব বুঝতে পেরে শুক্রবার সকালে মেয়েকে তার নানী ও মামা পুণরায় তাদের বাড়িতে নিয়ে যান। তখন মেয়ের বাবা বাড়িতে ছিলেন না।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুজাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, এ ঘটনায় নিহত রিয়ার মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ শনিবার রাতেই ঘাতক আবু বক্করকে গ্রেপ্তার করে। রবিবার দুপুরে তাকে আদালতে হাজির করলে সে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। প্রেম ঘটিত কারণেই ক্ষিপ্ত হয়ে মেয়েকে হত্যা করেছেন বলে আদালতকে জানিয়েছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত