১৩ জুলাই, ২০২৬ ১৩:০১
চাকরির জন্য পরীক্ষা (ইন্টারভিউ) দিতে ঢাকা গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জের মাহবুব সরোয়ার রাজন (৩০)। পরীক্ষা শেষে শুক্রবার ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হন। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি রাজনের। রোববার হবিগঞ্জ থেকে তার তার মরদেহ উদ্ধার করা হয়।
রাজন জকিগঞ্জ উপজেলার গন্ধগত্ত এলাকার বাসিন্দা। রোববার দিনে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ–সাটিয়াজুরি রেলস্টেশনের মধ্যবর্তী দাসপাড়া এলাকায় রেললাইনের পাশের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ। এরপর রোববার (১২ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজনের ছবি দেখে শনাক্ত করে তার পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাহবুব সরোয়ার রাজন ঢাকা বিমানবন্দর এলাকা থেকে উপবন এক্সপ্রেস ট্রেনে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে শায়েস্তাগঞ্জ–সাটিয়াজুরি রেলপথের দাসপাড়া এলাকায় উদ্ধার হওয়া মরদেহটি তার বলে পরিবারের সদস্যরা শনাক্ত করেন।
নিহতের বড় ভাই মাহবুব হাসান মুন্না রেলওয়ের কর্মচারী। তিনি জানান, রাজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও নেওয়া হয়। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তারা জানতে পারেন যে, হবিগঞ্জের বহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের দাশপাড়া এলাকায় একটি ঝুপড়ি ঘর থেকে স্থানীয়রা দুপুরের দিকে একটি মরদেহ উদ্ধার করেছেন। পরে মরদেহটি রাজনের বলে শনাক্ত করা হয়।
নিহতের চাচা কামরুল ইসলাম বুলবুল বলেন, রাজনের মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
তিনি আরও জানান, রাজনের সঙ্গে দীর্ঘ সময় যোগাযোগ করতে না পেরে রোববার দিনের বেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রাজনের ব্যবহৃত মোবাইল ফোনের সবশেষ অবস্থান রাত ২টা ৩০ মিনিটে হবিগঞ্জের বহুবল এলাকায় শনাক্ত করা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ওই সময়ের মধ্যে তার সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, মাহবুব সারওয়ার রাজন প্রায় আট মাস আগে বিয়ে করেন।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, নিহতের পরিবারের মাধ্যমে ঘটনাটি জেনেছি। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
তার মরদেহ উদ্ধারের ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, “নিহতের স্বজনরা আসার পর মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ঘটনার প্রকৃত কারণ জানতে রেলওয়ে পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।
আপনার মন্তব্য