চুনারুঘাট প্রতিনিধি

১৫ জুলাই, ২০২৬ ১৮:২৮

সাতছড়ি জাতীয় উদ্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরের কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ। বন বিভাগ সূত্রে জানা যায়, সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে হোটেল ব্যবসা করে আসছে একটি প্রভাবশালী মহল।

যার ফলে বনের জীববৈচিত্র্য নষ্ট সহ হোটেলের ময়লা আবর্জনায় বনের পরিবেশ নষ্ট হচ্ছিল। এ সমস্ত হোটেলে বনের কাঠ জ্বালানোর অভিযোগ দীর্ঘদিনের। তাদেরকে বারবার লিখিত ও মৌখিকভাবে স্থাপনা সরানোর অনুরোধ করলেও তারা এর কর্ণপাত করেনি। পরে সাতছড়ি জাতীয় উদ্যানের সহ-সহ ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় বন বিভাগ এর অভিযান চালায়।

মঙ্গলবার ( ১৫ জুলাই ) দুপুরে ৪টি খাবারের দোকান ভেঙ্গে দেয়া হয়। এ সময় তাদের দোকানের জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়। সাতছড়ি বনের সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুর রহমান আবুল জানান, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে এ অভিযান চালানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ স্থাপনা সংরক্ষিত বন থেকে উচ্ছেদ করা হবে।

সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান জানান, উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত ও স্থানীয় এমপি মহোদয় এস এম ফয়সলের নির্দেশে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। সংরক্ষিত বনে আর কোন অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স।

আপনার মন্তব্য

আলোচিত