১৮ জুলাই, ২০২৬ ২২:৩৩
পৌরসভায় উন্নীত হচ্ছে সিলেটের জৈন্তাপুর। সীমান্তবর্তী এই উপজেলার কয়েিটি ইউনিয়ন নিয়ে গঠিত হচ্ছে পৌরসভা। এ ব্যাপারে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
সিলেট-৪ আসনের অন্তর্গত জৈন্তাপুরের সংসদ সদস্য প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আরিফুল হক নির্বাচিত হওয়ার পর থেকেই জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীতের চেষ্টা চালান।
শনিবার (৩০ মে) জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ঈদ পূণর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক বলেছিলেন, জৈন্তাপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী রাজবাড়ীকে যাদুঘরে রূপান্তর করা হবে। একই সঙ্গে জৈন্তাপুর পৌরসভার বাস্তবায়ন কাজও এগিয়ে নেওয়া হবে।
তার তৎপরতা পর স্থানীয় সরকারের পরিধি সম্প্রসারণ এবং নাগরিক সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে নতুন এই পৌরসভা গঠনের উদ্যোগ নেওয়া হয়। জৈন্তাপুর উপজেলার নির্ধারিত পল্লী এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় জানিয়ে মঙ্গলবার (১৪ জুলাই) একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে গত ৯ জুলাই এসআরও নং ২৮১-আইন/২০২৬ প্রজ্ঞাপন জারি করা হয়। পরে মঙ্গলবার (১৪ জুলাই) প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. আশফিকুন নাহার।
প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩-এর উপধারা (১) অনুযায়ী সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার তফসিলে উল্লেখিত পল্লী এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করেছে সরকার।
এতে বলা হয়েছে, আইনের ধারা ৩-এর উপধারা (৩) অনুযায়ী প্রজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চাইলে এ প্রস্তাবের বিরুদ্ধে সরকারের কাছে লিখিত আপত্তি জানাতে পারবে।
এ ছাড়া একই আইনের ধারা ৩-এর উপধারা (৪) অনুযায়ী, উত্থাপিত কোনো আপত্তি থাকলে সরকার তা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করবে।
এর ফলে ওই এলাকার বাসিন্দারা উন্নত অবকাঠামো, পরিকল্পিত নগরায়ণ এবং আধুনিক পৌরসেবার সুবিধা পাওয়ার আশা করছেন।
আপনার মন্তব্য